হাতি-গন্ধগোকুলের মল থেকে যে কফি

কফি মানেই সুবাস ও স্বাদের অনন্য অভিজ্ঞতা। তবে বিশ্বের কিছু কফি রয়েছে, যেগুলোর উৎপাদন প্রক্রিয়া জানলে অবাক হতে পারেন যে কেউ। ‘ব্ল্যাক আইভরি’ ও ‘কোপি লুওয়াক’ এমনই দুই বিরল কফি। বিশেষ প্রক্রিয়ায় হাতি ও গন্ধগোকুলের মলের সঙ্গে বেরিয়ে আসা কফি বিন সংগ্রহ করে এগুলো তৈরি করা হয়।

থাইল্যান্ডে উৎপাদিত ‘ব্ল্যাক আইভরি কফি’ তৈরিতে উচ্চমানের আরাবিকা কফি চেরি হাতির খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। হাতি এসব খাবার গ্রহণের প্রায় ১৫ থেকে ১৭ ঘণ্টা পর মলত্যাগ করে। এরপর মল থেকে কফির আস্ত বিনগুলো আলাদা করে ভালোভাবে ধুয়ে রোদে শুকানো হয়। সবশেষে নির্দিষ্ট তাপমাত্রায় রোস্টিংয়ের মাধ্যমে তৈরি করা হয় এই বিশেষ কফি।

বিশেষজ্ঞদের মতে, হাতির পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে যাওয়ার সময় পাকস্থলীর অ্যাসিড ও এনজাইম কফি বিনের কিছু প্রোটিন ভেঙে দেয়। এতে কফির স্বাভাবিক তিক্ততা কিছুটা কমে এবং চকোলেট, ক্যারামেল ও হালকা মাটির মতো সুবাস তৈরি হতে পারে।

তবে এই কফি উৎপাদনের প্রক্রিয়া অত্যন্ত শ্রমসাধ্য। মল থেকে বিন সংগ্রহ, পরিষ্কার, শুকানো ও প্রক্রিয়াজাত করতে সময় ও শ্রম বেশি লাগায় এর উৎপাদন সীমিত। ফলে বাজারে এর দামও অনেক বেশি। আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি ব্ল্যাক আইভরি কফির দাম প্রায় পৌনে দুই লাখ টাকা পর্যন্ত উঠতে পারে। বিলাসবহুল রেস্তোরাঁয় এক কাপের জন্যও গুনতে হতে পারে কয়েক হাজার টাকা।

অন্যদিকে ইন্দোনেশিয়ার বিখ্যাত ‘কোপি লুওয়াক’ তৈরি হয় এশিয়ান পাম সিভেট বা গন্ধগোকুলের পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে যাওয়া কফি বিন থেকে। স্থানীয় ভাষায় ‘কোপি’ অর্থ কফি আর ‘লুওয়াক’ বলা হয় গন্ধগোকুলকে।

বিড়ালসদৃশ এই নিশাচর স্তন্যপায়ী প্রাণীটি সাধারণত পাকা কফি চেরি খায়। ফলের মাংসল অংশ হজম হলেও শক্ত কফি বীজটি অক্ষত অবস্থায় মলের সঙ্গে বেরিয়ে আসে। পরে সেখান থেকে বীজ সংগ্রহ করে পরিষ্কার, শুকানো ও রোস্টিংয়ের মাধ্যমে তৈরি করা হয় কোপি লুওয়াক।

গন্ধগোকুলের পরিপাকতন্ত্রের এনজাইম কফি বিনের রাসায়নিক গঠনে পরিবর্তন আনতে পারে বলে মনে করা হয়। এতে কফির অম্লতা ও স্বাদের তীব্রতা কিছুটা কমে তুলনামূলক কোমল স্বাদ তৈরি হয়।

দুষ্প্রাপ্যতা, জটিল উৎপাদন প্রক্রিয়া এবং বিশেষ স্বাদের কারণে কোপি লুওয়াকও বিশ্বের অন্যতম দামি কফি হিসেবে পরিচিত। প্রতি পাউন্ডের দাম কয়েক শ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। অস্বাভাবিক উৎপাদন প্রক্রিয়ার কারণেই এই দুই কফি কফিপ্রেমীদের কাছে একই সঙ্গে কৌতূহল ও বিলাসিতার প্রতীক হয়ে উঠেছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।