পারফিউম ব্যবহারেও এই ৪ ভুলে কমে ঘ্রাণ

পারফিউম ব্যবহার করলেই সারাদিন ঘ্রাণ থাকবে এমনটা নয়। সুগন্ধির স্থায়িত্ব অনেকটাই নির্ভর করে কোথায়, কীভাবে এবং কতটা পারফিউম ব্যবহার করছেন তার ওপর। অনেকের কিছু সাধারণ অভ্যাসের কারণে দ্রুতই পারফিউমের ঘ্রাণ কমে যায়। তাই দীর্ঘক্ষণ সুগন্ধ ধরে রাখতে এড়িয়ে চলুন কয়েকটি ভুল।

১. জামাকাপড়ে নয়, ত্বকে ব্যবহার করুন

অনেকে পোশাকের ওপর সরাসরি পারফিউম স্প্রে করেন। এতে কাপড়ে দাগ পড়ার ঝুঁকি থাকে। পাশাপাশি পোশাকের ধরনের ওপর নির্ভর করে ঘ্রাণ প্রত্যাশামতো দীর্ঘস্থায়ী নাও হতে পারে।

তাই পরিষ্কার ও শুকনো ত্বকে পারফিউম ব্যবহার করা ভালো। বিশেষ করে গোসলের পর ত্বক পরিষ্কার থাকা অবস্থায় অল্প পরিমাণ পারফিউম ব্যবহার করলে সুগন্ধ ভালোভাবে ধরে রাখতে সহায়তা করতে পারে।

২. বেছে নিন পালস পয়েন্ট

শরীরের কিছু অংশ তুলনামূলক উষ্ণ থাকে। এসব জায়গাকে পালস পয়েন্ট বলা হয়। সেখানে পরিমিত পরিমাণ পারফিউম ব্যবহার করলে ঘ্রাণ ধীরে ধীরে ছড়িয়ে পড়তে পারে।

কব্জি, কানের পেছনে, গলার নিচের অংশ ও কনুইয়ের ভাঁজ এসব জায়গায় অল্প করে পারফিউম ব্যবহার করতে পারেন।

৩. কব্জিতে লাগিয়ে ঘষবেন না

পারফিউম ব্যবহারের পর দুই কব্জি ঘষে নেওয়া অনেকের অভ্যাস। কিন্তু এতে সুগন্ধির উপাদান দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং ঘ্রাণের বৈশিষ্ট্যও পরিবর্তিত হতে পারে।

তাই কব্জিতে বা অন্য কোনো স্থানে পারফিউম স্প্রে করার পর ঘষাঘষি না করে স্বাভাবিকভাবে শুকাতে দিন।

৪. বেশি পারফিউম মানেই বেশি ভালো নয়

ঘ্রাণ দীর্ঘস্থায়ী করার জন্য একই জায়গায় বারবার পারফিউম স্প্রে করার প্রয়োজন নেই। অতিরিক্ত সুগন্ধি নিজের জন্য অস্বস্তিকর হওয়ার পাশাপাশি আশপাশের মানুষের কাছেও বিরক্তির কারণ হতে পারে।

একই স্থানে পাঁচ-ছয়বার পারফিউম স্প্রে করারও দরকার নেই। পুরো শরীরে অতিরিক্ত বডি স্প্রে ব্যবহার না করে প্রয়োজন অনুযায়ী কয়েকটি পালস পয়েন্টে পরিমিত পারফিউম ব্যবহার করাই ভালো।

মনে রাখবেন, ভালো সুগন্ধির সৌন্দর্য শুধু তীব্রতায় নয়; বরং সঠিক জায়গায়, সঠিক পরিমাণে এবং পরিমিত ব্যবহারের মধ্যেই এর আসল সৌন্দর্য।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।