সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে বাব আল-মানদেব প্রণালির কাছে সৌদি-সমর্থিত বাহিনীর অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোরও দাবি করেছে সংগঠনটি।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, একটি ‘উপযুক্ত অস্ত্র’ ব্যবহার করে সৌদি ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। তবে ড্রোনটির ধরন বা কোথায় এটি ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
পৃথক এক বিবৃতিতে সারি দাবি করেন, বাব আল-মানদেব প্রণালির কাছে সৌদি-সমর্থিত বাহিনীর সমাবেশ ও শক্তিবৃদ্ধিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
হুথি মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, রাস আল-আরা এলাকার কাওয়াহ ক্যাম্পে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে হতাহতের ঘটনা ঘটেছে এবং একটি অস্ত্রের গুদামে আগুন ধরে যায় বলে দাবি করেন তিনি।
সারি আরও দাবি করেন, বাব আল-মানদেবের দক্ষিণে এবং আল-সাকিয়া ও রাস আল-আরাতে অবস্থানরত বাহিনীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব হামলায় বহু সামরিক সদস্য নিহত ও আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
সম্প্রতি বাব আল-মানদেব ও ইয়েমেনের পশ্চিম উপকূল ঘিরে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত তীব্র হয়েছে। সৌদি-সমর্থিত বাহিনী গুরুত্বপূর্ণ কিছু এলাকা পুনর্দখলের দাবি করেছে, অন্যদিকে হুথিরাও পাল্টা হামলার কথা জানিয়েছে।
তবে হুথিদের ড্রোন ভূপাতিত এবং ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।