ভারতের যন্তর মন্তরে নতুন করে বিক্ষোভের দিনক্ষণ নির্ধারণের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছে ককরোচ জনতা পার্টি (সিজিপি)। সোমবার (১২ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের সরাসরি প্রতিবেদন অনুযায়ী, দলটির সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা থানায় গিয়ে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়েছেন।
সিজিপির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা সংবাদমাধ্যমকে বলেন, যন্তর মন্তর একটি নির্ধারিত প্রতিবাদস্থল এবং ভারতের সংবিধান শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার দিয়েছে।
অন্য সহ-আহ্বায়ক সৌরভ দাস জানান, বিক্ষোভের অনুমতির জন্য ১০ দিন আগে আবেদন করার যে শর্ত পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তার জবাবে তাঁরা এখন পুলিশকেই নতুন তারিখ ও সময় নির্ধারণের সুযোগ দিচ্ছেন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমাও বেঁধে দিয়েছেন তাঁরা।
এদিকে, গত ১০ অক্টোবর যন্তর মন্তর ও কনট প্লেসে আন্দোলনকারীদের ওপর পুলিশের কথিত হামলার ঘটনায় স্বাধীন ও সময়ভিত্তিক বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবিতে করা আবেদনের শুনানি মঙ্গলবার গ্রহণে সম্মত হয়েছে দিল্লি হাইকোর্ট।
শান্তিপূর্ণ আন্দোলনের জন্য যন্তর মন্তর বন্ধ রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে করা আরেকটি রিট আবেদনের শুনানিও মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে আদালত জানিয়েছেন।
এ বিষয়ে ভারতের সুপ্রিম কোর্ট ইতোমধ্যে বিবেচনা করছেন বলেও মন্তব্য করেছে দিল্লি হাইকোর্ট।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।