পর্দার রূপালি জগৎ ছাপিয়ে এবার বাস্তব জীবনে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিতে এক মহতী পদক্ষেপ গ্রহণ করেছেন এই তারকা। এক বছরের জন্য ৪০০টি দুস্থ পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও যাবতীয় বাজারের ব্যয়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।
রাশমিকার এই উদ্যোগ অনুযায়ী, পুরো এক বছর প্রতি তিন মাস অন্তর অন্তর এই ৪০০টি পরিবারের কাছে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও বাজার খরচের অর্থ পৌঁছে দেওয়া হবে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই মানবিক উদ্যোগের কথা ভক্ত ও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় নিজের অভিনীত চরিত্রের সঙ্গে বাস্তবের মিল তুলে ধরে রাশমিকা লেখেন, ‘আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনো মিল আছে কি না। আমার উত্তর হ্যাঁ। আর এটি তার মধ্যে অন্যতম। আমি সব সময়ই এমন ছিলাম, জয়াম্মাও এমন।’
সাধারণত ব্যক্তিগত জীবনে এমন সমাজসেবামূলক কর্মকাণ্ড আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন রাশমিকা। অভিনেত্রী জানান, এর আগে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগগুলো তিনি কখনোই প্রকাশ্যে আনতেন না। সে বিষয়গুলো সব সময় তাঁর নিজের এবং ঘনিষ্ঠ টিমের কয়েকজন সদস্যের মধ্যেই সীমাবদ্ধ থাকত। তবে এবারের উদ্যোগটি জনসমক্ষে প্রকাশের পেছনে রয়েছে একটি বিশেষ উদ্দেশ্য। রাশমিকার বিশ্বাস, তাঁর এই কাজ দেখে সমাজের বিত্তবান ও সাধারণ মানুষও নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সহায়তায় এগিয়ে আসতে উৎসাহিত হবেন। সেই সামাজিক দায়বদ্ধতা এবং অন্যদের মাঝে ইতিবাচক অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এবার বিষয়টিকে প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।