দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মোশাররফ করিম ও জয়া আহসান। বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলার চলচ্চিত্রেও নিয়মিত কাজ করছেন তাঁরা। তবে প্রতিভাবান এই দুই শিল্পীকে একসঙ্গে পর্দায় খুব বেশি দেখা যায়নি। এবার মোশাররফ করিমের অভিনয়ের প্রশংসা করে তাঁর সঙ্গে আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন জয়া আহসান।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে মোশাররফ করিমের অভিনয় নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান জয়া। অভিনেতার প্রশংসা করতে গিয়ে তাঁকে ‘ম্যাজিশিয়ান’ বলে অভিহিত করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে তাঁর সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন এই অভিনেত্রী।
জয়া আহসান বলেন, ‘মোশাররফ করিম একজন ম্যাজিশিয়ান। কিন্তু উনার সঙ্গে আমার সরাসরি অভিনয় খুব কম হয়েছে। আশা করি, পরিচালকরা আমার কথাগুলো শুনবেন। আমি চাই, উনার সঙ্গে আমার কাজ হোক, নিশ্চয়ই উনিও তাই চান। কিন্তু হয়ে ওঠেনি।’
মোশাররফ করিমকে নিজের পছন্দের অভিনেতা উল্লেখ করে জয়া আরও বলেন, ‘আমরা একসঙ্গে একটা টেলিভিশন নাটক করেছিলাম। সেটাই এখন সারাক্ষণ অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখি। মোশাররফ করিম ভীষণ গুণী অভিনেতা, উনি আমার ভীষণ পছন্দের।’
জয়ার বক্তব্যে স্পষ্ট, মোশাররফ করিমের অভিনয়শৈলী তাঁর কাছে বিশেষভাবে প্রশংসনীয়। দুই শিল্পীর অভিনয়ের রসায়ন আবারও পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন তাঁদের ভক্তরা। তবে কবে নাগাদ তাঁদের একসঙ্গে নতুন কোনো কাজে দেখা যাবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১১ সালে ঈদুল ফিতরে প্রচারিত ‘ঈদের ডায়েরি’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন মোশাররফ করিম ও জয়া আহসান। নাটকটি পরিচালনা করেন ইশতিয়াক আহমেদ রুমেল।
প্রচারের পর নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। এখনো ইউটিউবে নাটকটি দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও নাটকটির বিভিন্ন অংশ ঘুরে বেড়ায় এবং দর্শকেরা দুই অভিনয়শিল্পীর কাজের প্রশংসা করেন।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।