‘মিস্টার বিন’ চরিত্রে বিশ্বজুড়ে দর্শকদের মাতানো ব্রিটিশ অভিনেতা ও কমেডিয়ান রোয়ান অ্যাটকিনসন দীর্ঘ ৪০ বছর পর আবারও ওয়েস্ট এন্ডের মঞ্চে ফিরছেন। নতুন এই শোর নাম ‘রোয়ান লাইভ’।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সোমবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আগামী বছরের ৮ ফেব্রুয়ারি লন্ডনের গিলিয়ান লিন থিয়েটারে শুরু হবে ‘রোয়ান লাইভ’। শোটি চলবে ১৩ মার্চ পর্যন্ত। মোট ৩০টি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে অ্যাটকিনসন তাঁর পুরোনো জনপ্রিয় কমেডি স্কেচের পাশাপাশি নতুন কিছু পরিবেশনাও উপস্থাপন করবেন।
‘নট দ্য নাইন ও’ক্লক নিউজ’সহ বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে জনপ্রিয় হওয়া স্কেচগুলোও নতুন শোতে ফিরে আসবে। অ্যাটকিনসনের সঙ্গে এবারও কাজ করছেন লেখক রিচার্ড কার্টিস, ‘ব্ল্যাকঅ্যাডার’-এর লেখক বেন এলটন এবং সুরকার হাওয়ার্ড গুডঅল।
শোটি নিয়ে অ্যাটকিনসন বলেন, ওয়েস্ট এন্ডে শেষবার কমেডি স্কেচ শো করার পর ৪০ বছর পেরিয়ে গেছে। তাঁর ও রিচার্ড কার্টিসের যাত্রার শুরুর দিকের স্কেচগুলো আবার মঞ্চে পরিবেশন করার সুযোগকে তিনি আনন্দের বলে উল্লেখ করেন। পাশাপাশি নতুন শোর জন্য বিশেষভাবে লেখা কিছু পরিবেশনাও থাকবে বলে জানান তিনি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রিচার্ড কার্টিস ও হাওয়ার্ড গুডঅলের সঙ্গে মঞ্চে কমেডি পরিবেশন করতেন অ্যাটকিনসন। ১৯৮০-এর দশকে বিবিসির ব্যঙ্গাত্মক ধারাবাহিক ‘নট দ্য নাইন ও’ক্লক নিউজ’-এর মাধ্যমে বড় পরিসরে পরিচিতি পান তিনি। পরে ‘ব্ল্যাকঅ্যাডার’-এ এডমন্ড ব্ল্যাকঅ্যাডার চরিত্রে অভিনয় করে আরও জনপ্রিয় হয়ে ওঠেন।
মাত্র ২৬ বছর বয়সে ১৯৮১ সালে ওয়েস্ট এন্ডে একক কমেডি শো করেন অ্যাটকিনসন। পাঁচ বছর পর একই ধরনের আরেকটি শো করেন তিনি। মঞ্চে তাঁর অভিনয়শৈলী সে সময়ই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।
তবে বিশ্বজুড়ে অ্যাটকিনসনের সবচেয়ে বড় পরিচিতি আসে ‘মিস্টার বিন’ চরিত্রের মাধ্যমে। ১৯৯০-এর দশকে টেলিভিশন ও চলচ্চিত্রে চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পায়। খুব কম সংলাপ ব্যবহার করেও শারীরিক অভিব্যক্তি, অঙ্গভঙ্গি ও পরিস্থিতিনির্ভর কৌতুকের মাধ্যমে দর্শকদের হাসানোর ক্ষেত্রে ‘মিস্টার বিন’ হয়ে ওঠে অনন্য এক চরিত্র।
মজার বিষয় হলো, ১৯৮০-এর দশকে মঞ্চেই প্রথম ‘মিস্টার বিন’ চরিত্রটি তৈরি করেছিলেন অ্যাটকিনসন। পরে ২০১২ সালে লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেও চরিত্রটি নিয়ে হাজির হয়ে দর্শকদের মাতান তিনি।
২০১২ সালে প্রিন্স’স ট্রাস্টের একটি অনুষ্ঠানেও ‘ব্ল্যাকঅ্যাডার’ চরিত্রে ফিরে এসেছিলেন অ্যাটকিনসন। এছাড়া ২০০৯ সালে ‘অলিভার!’ মঞ্চনাটকে ফ্যাগিন চরিত্রে অভিনয়ের জন্য অলিভিয়ের পুরস্কারের মনোনয়ন পান তিনি। ২০১৩ সালে সাইমন গ্রের ‘কোয়ার্টারমেইনস টার্মস’ নাটকেও অভিনয় করেন।
রিচার্ড কার্টিস জানিয়েছেন, মঞ্চে অ্যাটকিনসনের অভিনয় দেখার ৫০ বছর পূর্ণ হয়েছে তাঁর। প্রথমবার দেখেই অ্যাটকিনসনের অসাধারণ প্রতিভা বুঝতে পেরেছিলেন তিনি। নতুন শোটির প্রস্তুতি গত গ্রীষ্মে অল্পসংখ্যক দর্শকের সামনে শুরু করা হয়।
কার্টিসের মতে, অ্যাটকিনসনের অভিনয়ের জাদু, নিখুঁত উপস্থাপনা ও কৌতুকপ্রতিভা এখনো অটুট। তাঁর কণ্ঠস্বর, শারীরিক অভিব্যক্তি এবং বিচিত্র চরিত্রের সেরা পরিবেশনাগুলো নিয়েই সাজানো হয়েছে ‘রোয়ান লাইভ’।
সাম্প্রতিক সময়ে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানকে মঞ্চে ফিরিয়ে আনার যে প্রবণতা তৈরি হয়েছে, ‘রোয়ান লাইভ’ও তারই অংশ। এর আগে ‘ফল্টি টাওয়ার্স’, ‘দ্য গুড লাইফ’, ‘সাম মাদার্স ডু অ্যাভ ’এম’ ও ‘অনলি ফুলস অ্যান্ড হর্সেস’-এর মতো জনপ্রিয় সিরিজও মঞ্চে রূপ পেয়েছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।