অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার, এআই কোম্পানির বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকার মামলা ঊর্বশীর!

 কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির অনৈতিক ব্যবহারের বিরুদ্ধে এবার অত্যন্ত কঠোর এক আইনি পদক্ষেপ গ্রহণ করলেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। অনুমতি ছাড়া নিজের নাম, ছবি ও ব্যক্তিগত ভিডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক একটি এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকার বিশাল অঙ্কের ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন এই তারকা।

ঊর্বশীর টিমের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘লস অ্যাঞ্জেলেসের এক এআই কোম্পানি বিনা অনুমতিতেই ঊর্বশীর নাম, ছবি-ভিডিও ব্যবহার করে বিলিয়ন ডলারের ব্যবসা করছে।’ এমন অনধিকার চর্চার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, ‘আপনারা আপনাদের এআই সংস্থার নিজস্ব ব্র্যান্ড তৈরি করুন, কিন্তু অনুমতি ছাড়া আমার নাম জড়াবেন না।’

সাম্প্রতিক সময়ে ডিপফেক ও এআই প্রযুক্তির অপপ্রয়োগের মাধ্যমে বিনোদন জগতের তারকাদের চেহারা বা অবয়ব বিকৃত করে সাইবার দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার প্রবণতা বিশ্বজুড়েই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর আগেও ঊর্বশীর একটি তথাকথিত ‘স্নানঘরের ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। তখন অনেকেই এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বা প্রযুক্তির সাহায্যে বিকৃত করা ভিডিও বলে সন্দেহ প্রকাশ করেছিলেন।

পরবর্তীতে এক রহস্যময় পুরুষের সঙ্গে অভিনেত্রীর আরও একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে অনুরাগীদের মাঝে চরম বিভ্রান্তি তৈরি হয়। যদিও পরে দাবি করা হয়েছিল যে, ওই খোলামেলা দৃশ্যগুলো মূলত একটি সিনেমার শুটিংয়ের অংশ ছিল। তবে ডিজিটাল প্ল্যাটফর্মে একের পর এক বিভ্রান্তিকর পরিস্থিতির মুখে পড়ে এবার আর নীরব থাকেননি ঊর্বশী; ডিপফেক ও পরিচয় অপব্যবহারের অভিযোগে সরাসরি আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি।

ঊর্বশী রাউতেলার এই আইনি লড়াই আবারও তারকাদের ব্যক্তিগত পরিচয় ও ডিজিটাল সুরক্ষার বিষয়টি বড় পরিসরে সামনে নিয়ে এসেছে। সাম্প্রতিক সময়ে বলিউড ও দক্ষিণী সিনেমার ঐশ্বরিয়া রাই বচ্চন, সালমান খান, বিবেক ওবেরয় এবং আল্লু অর্জুনসহ একাধিক প্রথম সারির তারকা ডিপফেক প্রযুক্তির অপব্যবহারের শিকার হয়েছেন। নিজেদের ব্যক্তিগত অধিকার ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে তাদের অনেকেই ইতোমধ্যে আইনের আশ্রয় নিয়েছেন।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।