মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ব্যাটিংয়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ। বোলারদের ছন্দহীনতার পর মিডল অর্ডারের ব্যর্থতায় লড়াই করেও ৩৭ রানে হেরে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের দলকে।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৬-এর সপ্তম ম্যাচে আগে ব্যাট করে ২০৩ রানের বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। জবাবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের বিধ্বংসী ইনিংস সত্ত্বেও নির্ধারিত ওভারে ১৬৬ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটারদের আগ্রাসনের সামনে চাপে পড়ে বাংলাদেশের বোলিং আক্রমণ। ডেভিড ওয়ার্নারের ৬৬ এবং কালাম ফার্গুসনের ৬৩ রানের কার্যকর ইনিংসে বড় সংগ্রহের ভিত পায় অস্ট্রেলিয়া। ইনিংসের শেষ দিকে বেন ডাঙ্কের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২০৩ রানের পাহাড় গড়ে তারা।
বাংলাদেশের হয়ে বল হাতে আবু জায়েদ রাহী ৩টি, জিয়াউর রহমান ২টি এবং রুবেল হোসেন ১টি উইকেট শিকার করেন।
জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালোই করেছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে ইমরুল কায়েসের ৪১ এবং ফজলে মাহমুদ রাব্বির ২৭ রানে ৭১ রান তুলে নেয় দল। কিন্তু এরপর দ্রুত দুই ওপেনার ফিরে গেলে হঠাৎ করেই ছন্দ হারায় বাংলাদেশের ইনিংস।
মিডল অর্ডারের ব্যাটাররা দায়িত্বশীল ব্যাটিং করতে না পারায় একের পর এক উইকেট হারাতে থাকে দল। এতে জয়ের সম্ভাবনাও ক্রমেই ক্ষীণ হয়ে আসে।
তবে একপ্রান্ত আগলে রেখে অস্ট্রেলিয়ার বোলারদের ওপর পাল্টা আক্রমণ চালান মাহমুদউল্লাহ। মাত্র ২৬ বলে তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত ৩৫ বলে ৮টি বিশাল ছক্কার সাহায্যে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাংলাদেশের অধিনায়ক।
মাহমুদউল্লাহর একার লড়াইয়ে ম্যাচে ফেরার আশা জাগলেও শেষ পর্যন্ত প্রয়োজনীয় সঙ্গ না পাওয়ায় তা আর জয়ে রূপ নেয়নি। নির্ধারিত ওভার শেষে ১৬৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ফলে ৩৭ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় মাহমুদউল্লাহদের।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।