বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি সাদা বলের ক্রিকেটে দলটির অধিনায়ক সাই হোপের। অন্যদিকে শারীরিক ধকল ও চোটের ঝুঁকি বিবেচনায় টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন পেসার আলজারি জোসেফ। তাঁদের অনুপস্থিতিতে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন কেভিন উইকহ্যাম। পাশাপাশি চোট কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতিতে জানিয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞের পরামর্শের পর আলজারি জোসেফকে টেস্ট দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। লাল বলের ক্রিকেটে দীর্ঘ সময় ধরে বোলিং করার শারীরিক চাপ এবং সম্ভাব্য চোটের ঝুঁকি এ সিদ্ধান্তের অন্যতম কারণ।
বোর্ডের ভাষ্য অনুযায়ী, লাল বলের ক্রিকেটে অতিরিক্ত শারীরিক ধকল এড়ানোর লক্ষ্যে জোসেফের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংক্ষিপ্ত ফরম্যাটে তাঁর খেলার সম্ভাবনা পুরোপুরি বাতিল করা হয়নি। মেডিকেল টিমের মতে, বাংলাদেশের মাটিতে টানা দুটি টেস্টে পেসারদের দীর্ঘ সময় ধরে গতিময় বোলিং করতে হয়, যা সংক্ষিপ্ত ফরম্যাটের তুলনায় বেশি শারীরিক চাপ তৈরি করে।
আলজারি জোসেফের পরিবর্তে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন অলরাউন্ডার কিমো পল। এদিকে কাজের চাপ বিবেচনায় সাই হোপকেও বিশ্রাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে ২০২৭ সালের বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে তাঁকে বেছে বেছে খেলানোর পরিকল্পনা রয়েছে দলটির।
নতুন মুখ কেভিন উইকহ্যাম ঘরোয়া ক্রিকেটে নিজের পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া প্রতিযোগিতায় তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ৭৮.৬০ গড়ে তাঁর সংগ্রহ ৩৯৩ রান। এ ছাড়া ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ছয়টি সেঞ্চুরিসহ ৪০.৮৮ গড়ে রান করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটের এই পারফরম্যান্সই তাঁকে প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা করে দিয়েছে।
অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া ওপেনার জন ক্যাম্পবেল সুস্থ হয়ে টেস্ট দলে ফিরেছেন। তাঁর প্রত্যাবর্তন বাংলাদেশের বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে বাড়তি বিকল্প তৈরি করবে।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।