আয়াসের পেছনে জামায়াত নেতার উপদেষ্টা, দাবি রাশেদ খাঁনের

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় অভিযুক্ত আয়াসকে ঘিরে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, আয়াসের পেছনে রয়েছেন জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির। একই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি এমন বক্তব্য ঘিরে জামায়াতের প্রতিবাদ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি দাবি করেন, আয়াসের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহানুভূতি থাকলেও দলটি তাঁর পাশে দাঁড়াতে পারছে না। অন্যদিকে জামায়াত সরাসরি আয়াসের পক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আয়াসের পরিচয় এবং তাঁকে কে পরিচালনা করছেন, সে প্রশ্নও তোলেন রাশেদ খাঁন।

রাশেদ খাঁনের দাবি, ময়মনসিংহের উজ্জ্বল ঢাকায় এসে নাম, চুলের ধরন ও চেহারায় কিছুটা পরিবর্তন এনে জুলাই যোদ্ধা আয়াস পরিচয়ে সামনে এসেছেন। তাঁর বিরুদ্ধে আগে প্রতারণার মামলা ছিল এবং ওই মামলায় তিনি কারাভোগও করেছেন বলে দাবি করেন রাশেদ। তাঁর ভাষ্য, মামলাটি এখনো বিচারাধীন।

আয়াসকে রোববার প্রিজন ভ্যান থেকে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করে সব তথ্য মুছে ফেলার কথা বলতে শোনা গেছে উল্লেখ করে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, ওই অ্যাকাউন্টে কী তথ্য রয়েছে।

এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার জন্য আয়াসকে চুনকালি কেনার টাকা ব্যারিস্টার শাহরিয়ার কবির দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। জুলাইয়ের নামে বিতর্কিত সংগঠন ও কর্মকাণ্ডে অর্থ ও পরামর্শ দিয়ে ওই আইনজীবী পৃষ্ঠপোষকতা করছেন বলেও দাবি করেন রাশেদ খাঁন।

তাঁর আরও অভিযোগ, ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে রক্ষা করতেই আয়াসকে হোয়াটসঅ্যাপের তথ্য মুছে ফেলতে বলা হয়েছে।

তবে রাশেদ খাঁনের ফেসবুক পোস্টে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।