আপনার সামনে থাকা ব্যক্তিকে চিনে ফেলবে চশমা! বিতর্কিত সেই প্রযুক্তিতে ফিরছে মেটা?

আপনার সামনে থাকা ব্যক্তিকে চিনে ফেলবে চশমা! বিতর্কিত সেই প্রযুক্তিতে ফিরছে মেটা?

এক সময় যে প্রযুক্তি নিয়ে তীব্র সমালোচনার মুখে পিছু হটেছিল মেটা, সেই ‘বিতর্কিত’ ফেসিয়াল রিকগনিশন বা মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তিতেই আবারও ফেরার জোরালো প্রস্তুতি নিচ্ছে তারা। মার্ক জাকারবার্গের নেতৃত্বাধীন এই সোশ্যাল মিডিয়া জায়ান্টটি তাদের ভবিষ্যতের স্মার্ট চশমায় এই বিশেষ ফিচার যুক্ত করার পরিকল্পনা করছে বলে নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।


‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর বরাতে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘এনগ্যাজেট’ (Engadget) জানিয়েছে, চলতি বছরের কোনো এক সময়ে মেটা তাদের ব্র্যান্ডের স্মার্ট চশমাগুলোতে এই উন্নত প্রযুক্তি সংযোজন করতে আগ্রহী। মেটার এই গোপন পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট চারজন ব্যক্তির সূত্র ধরে জানা গেছে, অভ্যন্তরীণভাবে এই ফিচারের কোডনাম রাখা হয়েছে ‘নেম ট্যাগ’ (Name Tag)। এই ফিচারের মূল লক্ষ্য হলো, একজন ব্যবহারকারী যখন ওকলি (Oakley) বা রে-ব্যান (Ray-Ban) ব্র্যান্ডের স্মার্ট চশমা পরবেন, তখন তার সামনে থাকা ব্যক্তিকে চশমাটি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারবে। শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তি সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যও ব্যবহারকারীর সামনে প্রদর্শন করবে এই স্মার্ট ডিভাইস।


তবে এই উদ্ভাবন নিয়ে শুরুতেই বিতর্কের মেঘ জমতে শুরু করেছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রযুক্তি ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিকতার ক্ষেত্রে বিশাল ঝুঁকি তৈরি করতে পারে। মেটা নিজেও এই স্পর্শকাতর বিষয়টি সম্পর্কে অবগত। জানা গেছে, ঠিক এই কারণেই গত বছর দৃষ্টিহীনদের জন্য আয়োজিত একটি সম্মেলনে ‘নেম ট্যাগ’ প্রযুক্তিটি প্রদর্শনের কথা থাকলেও শেষ মুহূর্তে দ্বিধাবোধ থেকে পিছিয়ে এসেছিল প্রতিষ্ঠানটি। এমনকি ২০২৩ সালে বাজারে আসা স্মার্ট চশমার প্রথম সংস্করণেও ফেসিয়াল রিকগনিশন যুক্ত করার প্রাথমিক পরিকল্পনা থাকলেও জনরোষের ভয়ে তা বাস্তবায়ন করা হয়নি।


বিশ্লেষকদের ধারণা, বিশ্ববাজারে স্মার্ট চশমার চাহিদা দ্রুত বাড়ছে এবং আগামী বছরগুলোয় এই খাত আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। অ্যাপল বা গুগলসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় নিজেদের পণ্যকে কয়েক ধাপ এগিয়ে রাখতে মেটা মনে করছে, এই ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি তাদের জন্য তুরুপের তাস হতে পারে।


উল্লেখ্য, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদের মুখে ২০২১ সালে ফেসবুকের তৎকালীন ‘ফেস রিকগনিশন’ সিস্টেমটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল মেটা। ওই সময় এটি মূলত আপলোড করা ছবিতে বন্ধুদের স্বয়ংক্রিয়ভাবে ‘ট্যাগ’ করার কাজে ব্যবহৃত হতো। এখন সেই একই প্রযুক্তির নতুন ও আরও শক্তিশালী সংস্করণে মেটার ফিরে আসার সিদ্ধান্তটি বিশ্বজুড়ে প্রাইভেসী কর্মীদের মধ্যে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।


ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।