ফেসবুকের বহুল আলোচিত ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল ফিচারটি স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা। প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম ‘ব্যাংকক পোস্ট’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মেটার ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ১৪ ডিসেম্বর থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে। এর ফলে একটি মূল ফেসবুক অ্যাকাউন্টের অধীনে তৈরি করা অতিরিক্ত বা সাব-প্রোফাইলগুলো আর ব্যবহার করা যাবে না। তবে ব্যবহারকারীদের মূল বা প্রাইমারি প্রোফাইল আগের মতোই সচল থাকবে।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেই একাধিক আলাদা প্রোফাইল তৈরির সুযোগ চালু করেছিল মেটা। ব্যক্তিগত জীবন, কর্মক্ষেত্রের নেটওয়ার্কিং কিংবা বিভিন্ন পেশাগত ও ব্যক্তিগত গ্রুপে ভিন্ন পরিচয়ে অংশ নেওয়ার সুবিধা দিতে ফিচারটি চালু করা হয়েছিল। এর মাধ্যমে আলাদা ইমেইল ব্যবহার বা নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হতো না। তবে কয়েক বছরের মধ্যেই ফিচারটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
মেটা জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইলগুলোতে থাকা ছবি, পোস্ট, ভিডিওসহ যাবতীয় তথ্য সংরক্ষণের জন্য ব্যবহারকারীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন। এ সময়ের মধ্যে তাঁরা নিজেদের তথ্য এক্সপোর্ট করে নিতে পারবেন। নির্ধারিত সময়সীমা পার হলে সংশ্লিষ্ট অতিরিক্ত প্রোফাইলের সব ডেটা স্থায়ীভাবে মুছে ফেলবে মেটা।
গ্রুপ অ্যাডমিনদের জন্য বিশেষ সতর্কতা
যাঁরা অতিরিক্ত প্রোফাইলের মাধ্যমে বিভিন্ন ফেসবুক গ্রুপ পরিচালনা বা মডারেট করছেন, তাঁদের জন্য বিশেষ সতর্কতা দিয়েছে প্রতিষ্ঠানটি। মেটার পরামর্শ অনুযায়ী, গ্রুপগুলোর কার্যক্রম সচল রাখতে দ্রুত মূল প্রোফাইলে অ্যাডমিনের দায়িত্ব হস্তান্তর করতে হবে।
অন্যথায়, কোনো গ্রুপে মূল প্রোফাইলের অধীনে অ্যাডমিন না থাকলে নতুন অ্যাডমিন নিয়োগ না দেওয়া পর্যন্ত গ্রুপটি সাময়িকভাবে স্থগিত বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
যেভাবে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করবেন
তথ্য হারিয়ে যাওয়া রোধে মেটার নির্দেশনা অনুযায়ী নিচের ধাপগুলো অনুসরণ করে ডেটার ব্যাকআপ নেওয়া যাবে:
1. প্রথমে ফেসবুক অ্যাপ বা ব্রাউজার থেকে যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য সংরক্ষণ করতে চান, সেটিতে সুইচ করুন।
2. এরপর ‘Settings & privacy’ থেকে ‘Settings’ অপশনে প্রবেশ করুন।
3. সেখান থেকে ‘Your information and permissions’ বিভাগে গিয়ে ‘Export your information’ নির্বাচন করুন।
4. এরপর ‘Creator Export’ অপশনে ক্লিক করে নির্দিষ্ট অতিরিক্ত প্রোফাইলটি নির্বাচন করুন। নিজের ডিভাইস বা কোনো এক্সটার্নাল ক্লাউড ড্রাইভে তথ্য সংরক্ষণের মাধ্যম বেছে নিন।
5. সবশেষে কোন ধরনের ডেটা বা তথ্য সংরক্ষণ করতে চান, তা টিকমার্ক দিয়ে ‘Create Export’ অপশনে ক্লিক করুন।
নির্ধারিত সময়ের আগে প্রয়োজনীয় ব্যাকআপ সম্পন্ন না করলে গুরুত্বপূর্ণ ডিজিটাল স্মৃতি ও কনটেন্ট চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সময়সীমা শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।