বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের সবচাইতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের গ্রুপ চ্যাট অভিজ্ঞতায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। এতদিন কোনো নতুন সদস্য গ্রুপে যোগ দেওয়ার পর আগের কোনো আলোচনা দেখার সুযোগ পেতেন না, যা প্রায়ই তাঁদের জন্য বিভ্রান্তিকর হয়ে দাঁড়াত। ব্যবহারকারীদের দীর্ঘদিনের এই দাবি ও প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে মেটা-মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি অবশেষে ‘গ্রুপ মেসেজ হিস্টরি’ নামক একটি যুগান্তকারী ‘ফিচার’ চালু করেছে। এর ফলে এখন থেকে গ্রুপে নতুন যুক্ত হওয়া সদস্যরাও আগের গুরুত্বপূর্ণ আলাপচারিতার সঙ্গে খুব দ্রুত নিজেকে ‘আপডেট’ করে নিতে পারবেন।
হোয়াটসঅ্যাপের নতুন এই সুবিধার মাধ্যমে এখন থেকে কোনো নতুন সদস্যকে গ্রুপে যুক্ত করার সময় স্বয়ংক্রিয়ভাবে ‘সেন্ড মেসেজ হিস্টরি’ নামক একটি অপশন প্রদর্শিত হবে। এখান থেকে গ্রুপ ‘অ্যাডমিন’ বা ইনভাইটকারী সদস্য সর্বশেষ ২৫, ৫০, ৭৫ কিংবা ১০০টি মেসেজ শেয়ার করার সুযোগ পাবেন। তবে এখানে মনে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই হিস্ট্রি শেয়ার করার ক্ষেত্রে দিনের কোনো সীমাবদ্ধতা নেই, বরং এটি সর্বোচ্চ ১০০টি ‘চ্যাট বাবল’ বা বার্তার ওপর ভিত্তি করে কাজ করবে। নতুন সদস্য গ্রুপে প্রবেশের পর একটি বিশেষ ‘লেবেল’ দেখতে পাবেন, যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে ঠিক কোন তারিখ ও সময় থেকে তাঁর জন্য মেসেজ হিস্ট্রি শেয়ার করা হয়েছে।
নিরাপত্তা ও স্বচ্ছতার বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে হোয়াটসঅ্যাপ। যখনই কোনো মেসেজ হিস্ট্রি শেয়ার করা হবে, তখন গ্রুপের প্রতিটি সদস্যের কাছে একটি ‘নোটিফিকেশন’ চলে যাবে। সেখানে টাইমস্ট্যাম্প ও কে এই তথ্য শেয়ার করেছেন তা স্পষ্টভাবে দেখা যাবে। এছাড়া শেয়ার করা পুরোনো মেসেজগুলো সাধারণ মেসেজের চেয়ে আলাদাভাবে চিহ্নিত থাকবে। মেটা নিশ্চিত করেছে যে, মেসেজ হিস্ট্রি শেয়ার হলেও তথ্যের গোপনীয়তায় কোনো প্রভাব পড়বে না এবং সব বার্তাই আগের মতো ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’ থাকবে। এই ফিচারটি বর্তমানে পর্যায়ক্রমে বিশ্বজুড়ে সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে।
এদিকে, হোয়াটসঅ্যাপ কেবল স্মার্টফোন অ্যাপেই সীমাবদ্ধ না থেকে তাদের ওয়েব ভার্সনেও বড় ধরনের আধুনিকায়ন আনছে। দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা ব্রাউজার থেকে সরাসরি ভিডিওকলিং সুবিধা পাওয়ার অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে হোয়াটসঅ্যাপ ওয়েব ‘বেটা’ সংস্করণে এখন পরীক্ষামূলকভাবে ভিডিওকলিং ফিচারটি দেখা গেছে। এটি গুগল ক্রোম, অ্যাপল সাফারি এবং মজিলা ফায়ারফক্সের মতো জনপ্রিয় সব ব্রাউজারে অনায়াসেই কাজ করবে। এতদিন ভিডিও বা ভয়েসকলে অংশ নিতে হলে ব্যবহারকারীদের উইন্ডোজ কিংবা ম্যাকওএস-এর জন্য আলাদা ‘ডেস্কটপ অ্যাপ’-এর ওপর নির্ভর করতে হতো। খুব শিগগিরই ব্রাউজার ভিত্তিক এই পূর্ণাঙ্গ সেবাটি সবার জন্য উন্মুক্ত হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও গতিশীল হয়ে উঠবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।