সন্তান অনলাইনে কার সঙ্গে যোগাযোগ করছে, কোন গ্রুপে যুক্ত হচ্ছে কিংবা কী ধরনের কনটেন্ট দেখছে এসব নিয়ে উদ্বেগে থাকেন অনেক অভিভাবক। তবে সন্তানের ব্যক্তিগত চ্যাটে সরাসরি নজরদারি না করেও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ তৈরি করছে হোয়াটসঅ্যাপ।
কিশোরদের গোপনীয়তা বজায় রেখে নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরির লক্ষ্যে নতুন ‘প্যারেন্টাল কন্ট্রোলস’ ফিচার চালু করেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি।
সম্প্রতি এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচারের মাধ্যমে অভিভাবক ও সন্তান মিলে অ্যাপের গুরুত্বপূর্ণ কিছু নিরাপত্তা ও গোপনীয়তা সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে এর জন্য সন্তানের ব্যক্তিগত মেসেজ বা কলের বিষয়বস্তু দেখার প্রয়োজন হবে না।
যেসব বিষয় নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা
থাকবে গোপন পিন
প্যারেন্টাল কন্ট্রোলস ব্যবহারের জন্য অভিভাবককে একটি গোপন পিন সেট করতে হবে। পরে সন্তান নির্ধারিত কোনো নিরাপত্তা বা গোপনীয়তা সেটিংস পরিবর্তন করতে চাইলে ওই পিন প্রয়োজন হবে।
অর্থাৎ, অভিভাবকের অনুমতি ছাড়া গুরুত্বপূর্ণ সেটিংস পরিবর্তনের সুযোগ থাকবে না।
সন্তানের ব্যক্তিগত চ্যাট কি দেখা যাবে?
না। হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে অভিভাবকীয় নিয়ন্ত্রণ চালু করলেও সন্তানের ব্যক্তিগত মেসেজ বা কলের বিষয়বস্তু দেখা বা শোনা যাবে না।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যক্তিগত বার্তা ও কল আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষায় থাকবে। ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ, এমনকি হোয়াটসঅ্যাপও এসব বার্তার বিষয়বস্তু দেখতে পারবে না।
যেভাবে চালু করবেন
এই সুবিধা ব্যবহার করতে অভিভাবক ও সন্তানের উভয়ের ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ থাকতে হবে।
১. সন্তানের ফোনে Settings > Parental Controls অপশনে গিয়ে বয়স নিশ্চিত করতে হবে। এরপর একটি কিউআর কোড দেখা যাবে।
২. অভিভাবক নিজের ফোন থেকে ওই কিউআর কোড স্ক্যান করে সংযোগ স্থাপন করবেন এবং একটি ছয় সংখ্যার গোপন পিন সেট করবেন।
৩. এরপর ওই পিন ব্যবহার করে প্রোফাইল গোপনীয়তা, গ্রুপে যুক্ত হওয়ার অনুমতি, মেটা এআই ব্যবহারের সীমাবদ্ধতাসহ বিভিন্ন সেটিংস নির্ধারণ করা যাবে।
পরবর্তীতে এসব সেটিংস পরিবর্তন করতে সন্তানের ওই পিনের প্রয়োজন হবে।
ফিচারটি কি বাধ্যতামূলক?
না। প্যারেন্টাল কন্ট্রোলস সম্পূর্ণ ঐচ্ছিক। পরিবারের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী এটি চালু বা বন্ধ রাখা যাবে।
হোয়াটসঅ্যাপের ভাষ্য, এই ফিচারের উদ্দেশ্য কিশোরদের ওপর অতিরিক্ত নজরদারি করা নয়। বরং সন্তানের ব্যক্তিগত যোগাযোগের গোপনীয়তা বজায় রেখেই অভিভাবকদের নিরাপত্তা ও গোপনীয়তার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।