আইফোন ডুওকে খোঁচা দিয়ে স্যামসাংয়ের প্রচারণামূলক ভিডিও

ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা আরও জমে উঠেছে। অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য স্মার্টফোন আইফোন ডুও বাজারে আসার পরপরই ডিসপ্লেতে ফাটল ও হিঞ্জ বা কবজায় সমস্যা দেখা দেওয়ার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যাপলকে খোঁচা দিয়ে প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপ্রতিষ্ঠান স্যামসাং।

ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে স্যামসাং দাবি করেছে, তাদের নতুন গ্যালাক্সি জেড ফোল্ড ৮ অ্যাপলের আইফোন ডুওর তুলনায় বেশি পাতলা ও হালকা। ভিডিওতে একটি সবুজ আপেল কেটে টুকরা করার পর সেটি ভাঁজ করার চেষ্টা দেখিয়ে অ্যাপলের ফোল্ডেবল স্মার্টফোন বাজারে প্রবেশকে ব্যঙ্গ করা হয়েছে। এরপর সামনে আনা হয় স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৮।

প্রচারণায় দুটি ফোনের নকশা ও ওজনের তুলনা তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের দাবি, গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আইফোন ডুওর চেয়ে ১ দশমিক ৬ মিলিমিটার পাতলা এবং ৫৩ গ্রাম হালকা। ভিডিওর শেষাংশে ‘ফোল্ডেবলে বহু বছর এগিয়ে’ এমন স্লোগানও ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপনে দেওয়া তথ্য অনুযায়ী, গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর ওজন ২০১ গ্রাম, অন্যদিকে আইফোন ডুওর ওজন ২৫৪ গ্রাম। ভাঁজ করা অবস্থায় স্যামসাংয়ের ডিভাইসটির পুরুত্ব ৯ দশমিক ৭ মিলিমিটার এবং অ্যাপলের ফোনটির ১১ দশমিক ৩ মিলিমিটার।

২০২৬ সালের ২৩ অক্টোবর আইফোন ডুও বাজারে আসার পর দুই প্রযুক্তিপ্রতিষ্ঠানের মধ্যে ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে প্রতিযোগিতা আরও দৃশ্যমান হয়েছে। ২০১৯ সালে প্রথম গ্যালাক্সি ফোল্ড উন্মোচনের পর থেকে এ বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে স্যামসাং। বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের অষ্টম প্রজন্মের গ্যালাক্সি জেড ফোল্ড প্রচার করছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আইফোন ডুওর ভেতরের ভাঁজযোগ্য ডিসপ্লেতে ক্ষতি ও ফাটল দেখা যাওয়ার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেক ব্যবহারকারী ফোনটির সেন্ট্রাল হিঞ্জের কাছাকাছি অংশে সমস্যা শনাক্ত করেছেন বলে দাবি করেছেন।

অ্যাপলও অল্পসংখ্যক আইফোন ডুও ইউনিটে সমস্যার কথা স্বীকার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা অ্যাপল কেয়ারের মাধ্যমে ডিভাইস পরিবর্তনের সুযোগ পাবেন।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।