বাংলাদেশের রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি, নতুন হিসাব প্রকাশ

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ২১৩ দশমিক ২৪ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৪০৩ দশমিক ৬০ মিলিয়ন ডলার বা ৩১ দশমিক ৪০ বিলিয়ন ডলার।

এর আগে, গত ৮ অক্টোবর পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল ৩৬ হাজার ১৫৮ দশমিক ৫৬ মিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৩৪৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, তিন দিনের ব্যবধানে মোট রিজার্ভ ও বিপিএম-৬ উভয় হিসাবেই প্রবৃদ্ধি হয়েছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।