নির্ধারিত সময়ের আগেই চালু ৩০ ব্যাংকের এটিএম সেবা

বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর কিউ-ক্যাশের আওতাধীন প্রায় ৩০টি ব্যাংকের এটিএমসহ বিভিন্ন ডিজিটাল ও কার্ডভিত্তিক সেবা স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার রাতে এসব সেবা পুনরায় চালু করা হয়।

একইদিন এক বিজ্ঞপ্তিতে কিউ-ক্যাশ জানায়, তাদের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে গ্রাহকরা আগের মতো কার্ড ও অন্যান্য মাধ্যমে লেনদেন করতে পারবেন।

এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও বিভিন্ন লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে ব্যাংকগুলোর এটিএম, পিওএস মেশিন এবং কার্ডভিত্তিক লেনদেনসহ বিভিন্ন ডিজিটাল সেবা ব্যাহত হয়।

সেবা বন্ধ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে গ্রাহকদের খুদে বার্তার মাধ্যমে জানানো হয়েছিল, আগামী ১০ অক্টোবর দুপুর ১২টার পর এসব সেবা পুনরায় চালু হতে পারে। এতে গ্রাহকদের মধ্যে সাময়িক ভোগান্তির পাশাপাশি লেনদেন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

তবে নির্ধারিত সময়ের কয়েক দিন আগেই মঙ্গলবার রাতে কিউ-ক্যাশের আওতাধীন সেবাগুলো পুনরায় চালু হয়েছে। ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর গ্রাহকরা এখন এটিএম, পিওএস ও কার্ডভিত্তিক লেনদেনসহ সংশ্লিষ্ট ডিজিটাল সেবা ব্যবহার করতে পারছেন।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।