সময় ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নেওয়া সিংগেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্প বাস্তবায়নে উল্টো সময় ও অর্থ ব্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। প্রকল্পের ঠিকাদার নিয়োগের আন্তর্জাতিক দরপত্রে অনিয়মের অভিযোগ উঠেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, দরপত্রের শর্ত অনুযায়ী ঠিকাদারের বহন করার কথা থাকলেও পরবর্তী সময়ে কর, ভ্যাট ও অন্যান্য শুল্ক যুক্ত করায় সরকারের অতিরিক্ত ৩১ মিলিয়ন ডলার ব্যয় হতে পারে।
সিংগেল পয়েন্ট মুরিং বা এসপিএম হলো গভীর সমুদ্রে স্থাপিত এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে বড় ট্যাংকার থেকে অপরিশোধিত তেল বা জ্বালানি সরাসরি পাইপলাইনের মাধ্যমে তীরে বা শোধনাগারে স্থানান্তর করা হয়। এটি তীরের জেটির সঙ্গে সরাসরি যুক্ত না থেকে সমুদ্রে ভাসমান বয়া হিসেবে কাজ করে। এতে সময় ও অর্থের সাশ্রয় হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এসপিএম স্থাপনের দরপত্রের শর্ত অনুযায়ী আরোপযোগ্য কর, ভ্যাট ও অন্যান্য শুল্কের দায় ঠিকাদারের। সে অনুযায়ী এসব ব্যয় দরপ্রস্তাবের সঙ্গে অন্তর্ভুক্ত থাকার কথা। কিন্তু ইন্দোনেশিয়ার কোম্পানি পারমিতা মূল দরের সঙ্গে এগুলো যুক্ত করেনি বলে অভিযোগ রয়েছে। নিয়ম অনুযায়ী, চুক্তিমূল্য সমন্বয়েরও কোনো সুযোগ নেই।
এ নিয়ে সংশ্লিষ্টদের প্রশ্ন, কোম্পানিটি যদি ভ্যাট-কর যুক্ত করে দর দিয়ে থাকে, তাহলে পরবর্তী সময়ে তা আবার যুক্ত করা হচ্ছে কেন? আর যদি ভ্যাট-কর বাদ দিয়ে দর উল্লেখ করে থাকে, তাহলে প্রাথমিকভাবে তাদের প্রস্তাব গ্রহণ করা হলো কেন? বিশেষজ্ঞদের মতে, এটি এক ধরনের চাতুরী। কারণ, প্রাথমিক প্রস্তাবে সর্বনিম্ন দরদাতা হওয়ায় অন্য কোম্পানিগুলো প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে। পরে কোম্পানিটি ভ্যাট-কর যুক্ত করেছে বলে অভিযোগ উঠেছে।
সিংগেল পয়েন্ট মুরিংয়ের ঠিকাদার নিয়োগে পরামর্শক প্রতিষ্ঠান আবুধাবিভিত্তিক আইএলএফ কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সও পারমিতার দরপ্রস্তাবে অনিয়মের বিষয়টি উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটি বলেছে, পারমিতার দরপত্রে উল্লেখযোগ্য অসংগতি থাকলেও কোম্পানিটির কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়নি। পারমিতা কাজটির পুরো বিষয় যথাযথভাবে বুঝেছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে পরামর্শক প্রতিষ্ঠান।
এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, পিপিআরবিষয়ক পরামর্শক মো. ফারুক হোসেনের সুপারিশ অনুযায়ী মূল দরের সঙ্গে ভ্যাট ও অন্যান্য কর যুক্ত করা হয়েছে। মূল্যায়নে ফারুক হোসেনের বক্তব্যে উল্লেখ রয়েছে, কিছু ভিত্তিতে তিনি ইন্দোনেশিয়ার কোম্পানির দরের সঙ্গে ভ্যাট ও কর যুক্ত করার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ফারুক হোসেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় একই মন্ত্রণালয়ের সচিব ছিলেন। সে সময় তাঁর বিরুদ্ধে কয়লাখনি-সংক্রান্ত চুক্তিতে ৫০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। সংশ্লিষ্টদের মতে, জ্বালানি নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ একটি চুক্তির আগে এসব বিষয় স্বাধীনভাবে পর্যালোচনা করা প্রয়োজন।
এদিকে প্রকল্পটি বাস্তবায়নের জন্য কোম্পানি নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠেছে বিপিসির বিরুদ্ধে। আন্তর্জাতিক দরপত্র নিয়ে চলছে বিতর্ক। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়ে আহ্বান করা এ দরপত্র গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছিল বর্তমান মন্ত্রিসভার শপথ গ্রহণের দিন। স্বচ্ছতার অভাবের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করে এর সুরাহা চেয়েছে বিশ্বখ্যাত কয়েকটি কোম্পানি। তারা পিপিআরের শর্ত অনুযায়ী দেশের জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এ প্রকল্পের দরপত্র বাতিল করে নতুন করে দরপত্র আহ্বানের দাবি জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জ্বালানির স্পর্শকাতর এ প্রকল্পের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আহ্বান করা আন্তর্জাতিক দরপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছিল বিগত নির্বাচনের পাঁচ দিন পর এবং মন্ত্রিসভার শপথ গ্রহণের দিন। এমন দিনে দরপত্র গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য মোট ১১টি আন্তর্জাতিক কোম্পানি দরপত্র সংগ্রহ করে। কিন্তু শেষ পর্যন্ত মাত্র তিনটি কোম্পানি দরপত্র জমা দেয়। নির্বাচনকালীন পরিস্থিতি বিবেচনায় কোম্পানিগুলো নির্বাচনের পর অন্য কোনো দিন দরপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণের অনুরোধ করেছিল। বেশির ভাগ কোম্পানি সময় বাড়ানোর আবেদন করলেও তা গ্রহণ করা হয়নি।
দরপত্রের প্রি-বিড সভায় নেদারল্যান্ডসের কোম্পানি স্মিত ল্যামনালকো এবং মিশরের মেরিডাইভ অংশ নিলেও তারা চূড়ান্ত দরপত্র জমা দেয়নি। স্মিত ল্যামনালকো বিশ্বজুড়ে ২২টির বেশি টার্মিনাল পরিচালনা করছে। কোম্পানিটি দরপত্র জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করলেও তা মানা হয়নি।
অন্যদিকে, দরপত্র জমার সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়ে মিশরের কোম্পানি মেরিডাইভের পক্ষ থেকে ঢাকায় অবস্থিত মিশরীয় দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি দেয়। তবে তাদের অনুরোধও রাখা হয়নি। মেরিডাইভ কাতার এলএনজি ও আরামকোর সঙ্গে যৌথভাবে বিভিন্ন প্রকল্পে কাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এসপিএম প্রকল্পের জন্য দরপত্র জমা দেওয়া তিনটি কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অদক্ষতা ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়ার পার্তামিনা নিজ দেশেই ১২ বিলিয়ন মার্কিন ডলারের কেলেঙ্কারিতে জড়িত বলে অভিযোগ রয়েছে। দরপত্র কারচুপি ও নিম্নমানের জ্বালানি সরবরাহের অভিযোগে প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া সিপিসি এর আগে বিনা টেন্ডারে মূল এসপিএম প্রকল্পের কাজ পেয়েছিল। মালয়েশিয়াতেও দুর্নীতির অভিযোগে সিপিসির বিলিয়ন ডলারের পাইপলাইন প্রকল্প বাতিল হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
সূত্রগুলোর আরও দাবি, সিপিপি কোম্পানিটি ইপিসি-সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ হলেও এসপিএম পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রমাণিত অভিজ্ঞতা দেখাতে পারেনি। অথচ এটি প্রকল্পটির অন্যতম গুরুত্বপূর্ণ যোগ্যতা। এ ছাড়া চীনা কোম্পানিটি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোএসএর সঙ্গে একটি অস্বচ্ছ ও বিতর্কিত অর্থায়ন কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।