দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের (এমএসএমই) উদ্যোক্তাদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে এশিয়া ফাউন্ডেশন ও সাজেদা ফাউন্ডেশন। ২০২৪ সালের জুলাই থেকে এ পর্যন্ত এ কর্মসূচির আওতায় ৯০ হাজারের বেশি উদ্যোক্তাকে সাইবার হাইজিন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) ঢাকায় ‘সাইবাররেডি: সেলিব্রেটিং দ্য জার্নি অব সাইবার-সেফ এমএসএমই’ শীর্ষক এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ‘এপ্যাক সাইবার সিকিউরিটি ফান্ড’ প্রকল্পের সমাপনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ক্রমেই ডিজিটাল প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে উঠছে। ফলে এসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম সচল রাখা এবং গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তাঁরা আরও বলেন, সাইবার হামলা, ফিশিং ও প্রতারণামূলক লেনদেনের কারণে ছোট ব্যবসার আয় কমে যেতে পারে। একই সঙ্গে গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক নষ্ট হওয়া থেকে শুরু করে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে। তাই সাইবার নিরাপত্তাকে কেবল প্রযুক্তিগত বিষয় হিসেবে বিবেচনা না করে অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে দেখতে হবে।
সার্চ ইঞ্জিন গুগলের জনহিতৈষী সংস্থা গুগল ডট ওআরজির আর্থিক সহায়তায় এশিয়া ফাউন্ডেশন ‘এপ্যাক সাইবার সিকিউরিটি ফান্ড’ প্রকল্পটি পরিচালনা করছে। প্রকল্পটির স্থানীয় অংশীদার হিসেবে কাজ করছে সাজেদা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ বলেন, বাস্তব জীবনের মতো ডিজিটাল জগতেও প্রতারণা ও শোষণ থেকে সুরক্ষিত থাকা প্রয়োজন।
এশিয়া ফাউন্ডেশনের ডিজিটাল ইকোনমি প্রোগ্রামের জ্যেষ্ঠ পরিচালক অ্যান্থিয়া মুলাকালা বলেন, সাইবার হাইজিন মানুষের জীবিকা রক্ষা, নতুন সুযোগ সৃষ্টি এবং ডিজিটাল ব্যবস্থার ওপর আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় তিনি বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতাও তুলে ধরেন।
সাইবার হাইজিন বলতে সাইবার হুমকি থেকে ডিজিটাল ডিভাইস, নেটওয়ার্ক এবং সংবেদনশীল তথ্য-উপাত্ত নিরাপদ রাখতে নির্দিষ্ট নিয়ম ও কার্যপদ্ধতি মেনে চলার চর্চাকে বোঝায়।
সাজেদা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ পরিচালক মো. নোমানুজ্জামান এবং এশিয়া ফাউন্ডেশনের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক ইজলাল হোসেন জানান, ক্ষুদ্রঋণ কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মীদের প্রশিক্ষক হিসেবে সম্পৃক্ত করায় কর্মসূচিটি কার্যকর হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে এসব কর্মীর আগে থেকেই আস্থা ও বোঝাপড়া থাকায় প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান সহজে উদ্যোক্তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে ‘বাংলাদেশে এমএসএমইর জন্য সাইবার-সহনশীল ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলা’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ইনস্পিরা অ্যাডভাইজরি অ্যান্ড কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাসির তাহমিদ চৌধুরী বলেন, সাইবার অপরাধ এখন শুধু বড় প্রতিষ্ঠানের জন্য নয়, প্রত্যন্ত অঞ্চলের ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, কার্যকর সুরক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সহযোগিতা জরুরি।
সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও ফজলুল হক বলেন, অনেক উদ্যোক্তা পাসওয়ার্ড, অ্যাকাউন্টের নিরাপত্তা ও অনলাইন ঝুঁকি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ছাড়াই ডিজিটাল সেবা ব্যবহার করছেন। অন্যদিকে প্রতারকেরা নিয়মিত তাদের কৌশল পরিবর্তন করছে। এ কারণে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা ও নিরাপদ চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. খাইরুল আনাম এবং এশিয়া ফাউন্ডেশনের ডিজিটাল স্কিলসবিষয়ক পরিচালক নাদিয়া সুব্রামানিয়াম।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।