৯ মাসে মাদ্রাসায় যৌন নির্যাতনের শিকার ১০৯ শিশু

নৈতিক শিক্ষা ও নিরাপদ পরিবেশের আশায় সন্তানদের মাদ্রাসায় পাঠান অভিভাবকেরা। তবে শিক্ষাপ্রতিষ্ঠানেই শিশুদের যৌন নির্যাতনের শিকার হওয়ার ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। মানবাধিকার সংস্থা জাস্টিস মেকার্স বাংলাদেশ ফ্রান্সের (জেএমবিএফ) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম নয় মাসে দেশের বিভিন্ন মাদ্রাসায় ৭২টি ঘটনায় অন্তত ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। মামলা হলেও অনেক ঘটনায় বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে।

এরই মধ্যে চলতি বছরের মে মাসে রাজধানীর বনশ্রীর একটি মাদ্রাসা থেকে ১০ বছর বয়সী শিক্ষার্থী আবদুল্লাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। যৌন নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার মা মামলা করেন। ওই মামলায় একই মাদ্রাসার এক জ্যেষ্ঠ শিক্ষার্থী গ্রেপ্তার হলেও প্রায় সাত মাস পেরিয়ে যাওয়ার পরও বিচারপ্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

৯ মাসে ১৭১ শিশু ভুক্তভোগী

জেএমবিএফের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ছেলে শিশুদের ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অন্তত ১৩১টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় মোট ভুক্তভোগী ১৭১ জন। এর মধ্যে ১৬১ শিশু ধর্ষণের শিকার এবং ১০ শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে। সংস্থাটির তথ্য বলছে, নথিভুক্ত ঘটনাগুলোর বড় অংশ ঘটেছে মাদ্রাসা প্রাঙ্গণে।

প্রমাণ সংগ্রহে জটিলতা, ব্যাহত হচ্ছে বিচার

আইন বিশেষজ্ঞদের মতে, ছেলে শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাধা হলো যথাযথ প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান জানান, এ ধরনের অভিযোগের পর শিশুর শারীরিক পরীক্ষা, নমুনা সংগ্রহ ও সংরক্ষণ এবং ফরেনসিক পরীক্ষার ফল প্রস্তুতের বিষয়ে আলাদা সুনির্দিষ্ট মানসম্মত পরিচালন পদ্ধতি (এসওপি) বা নির্দেশনা নেই।

তাঁর মতে, এর ফলে মেডিকেল ও ডিএনএ পরীক্ষার মতো সংবেদনশীল প্রমাণ যথাযথভাবে আদালতে উপস্থাপনে জটিলতা তৈরি হতে পারে। এতে অভিযুক্তের বিরুদ্ধে অপরাধ প্রমাণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ে।

লোকলজ্জায় অনেক ঘটনা থেকে যায় আড়ালে

সামাজিক লজ্জা ও ভয়ের কারণে ছেলে শিশুদের ওপর সংঘটিত বহু নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসে না। এতে ভুক্তভোগীরা প্রয়োজনীয় চিকিৎসা এবং মানসিক সহায়তা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে থাকে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে তাই অভিযোগ জানানোর পরিবেশ তৈরি করা জরুরি বলে মনে করছেন অধিকারকর্মীরা।

মানবাধিকারকর্মী অ্যাডভোকেট ফাওজিয়া করিম বলেন, মাদ্রাসাসহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের ‘গুড টাচ’ ও ‘ব্যাড টাচ’ সম্পর্কে সচেতন করতে হবে। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরও এ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পেশাদার কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকা দরকার, যাতে শিশুরা ভয় বা দ্বিধা ছাড়াই নির্যাতনের কথা জানাতে পারে। বিশেষজ্ঞরা শিক্ষাপ্রতিষ্ঠানে অভ্যন্তরীণ জবাবদিহি নিশ্চিত করা এবং শিশু সুরক্ষা নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্ব দিয়েছেন।

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধের বিচার যেমন জরুরি, তেমনি প্রয়োজন নির্যাতন প্রতিরোধ, দ্রুত অভিযোগ গ্রহণ, উপযুক্ত চিকিৎসা ও মানসিক সহায়তা এবং কার্যকর শিশু সুরক্ষা ব্যবস্থা।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।