নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা আগুন সন্ত্রাস করছে, গণহত্যা করে যিনি পালিয়ে গেছেন, তাদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে দেখবে না।

তিনি বলেন, সরকার বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। কোনো সংবাদ প্রচারের জন্য সরকার কখনো চাপ দেয়নি। কোনো সংস্থাও কোনো সংবাদ প্রত্যাহারের জন্য চাপ দেয়নি।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ১৭ বছরে অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের গুম ও তুলে নেওয়া হয়েছে। বর্তমান সরকার এমন কিছু করবে না। তবে আহ্বান থাকবে, যেন ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া না হয়।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে। এ ক্ষেত্রে অনলাইন গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা সরকার সব সময় দেখতে চায়।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।