৭ নভেম্বর সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার (১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের বিধি শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দিবসটি উদ্‌যাপন উপলক্ষে নির্ধারিত সব প্রতিষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

এর আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন সংক্রান্ত পরিপত্রে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত করা হয়েছে।

১৯৭৫ সালের ৩ নভেম্বর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটে। ওই সময় তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়। পরে ৭ নভেম্বর কর্নেল আবু তাহেরের নেতৃত্বে সংঘটিত পাল্টা অভ্যুত্থানের সময় জিয়াউর রহমান মুক্ত হন। পরবর্তী সময়ে তিনি দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

দিনটিকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। তবে দিবসটির ঐতিহাসিক তাৎপর্য ও ব্যাখ্যা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন অবস্থান রয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময়ে জাতীয় দিবসের তালিকায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে অন্তর্ভুক্ত ছিল না। বিগত অন্তর্বর্তী সরকারের সময়েও দিবসটি ওই তালিকায় রাখা হয়নি।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।