না, শেষ পর্যন্ত হাসান মাহমুদ পারেননি। বল হাতে নিজের দায়িত্বটা দারুণভাবে পালন করলেও ব্যাট হাতে শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে পারেননি বাংলাদেশের এই পেসার। তাঁর লড়াই থামার পরই শেষ হয়ে যায় কেন্টের ম্যাচ বাঁচানোর শেষ আশাটুকুও। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে চার দিনের ম্যাচে ডার্বিশায়ারের কাছে ১৮১ রানে হেরেছে কেন্ট।
ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচ জিততে কেন্টের সামনে লক্ষ্য ছিল ৪৩৪ রান। তবে রান তাড়ায় শুরুতেই বড় ধাক্কা খায় দলটি। মাত্র ৩৮ রানেই প্রথম পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় কেন্ট। এরপর জয় তো দূরের কথা, ম্যাচ বাঁচিয়ে ড্র করাই হয়ে ওঠে দলের প্রধান লক্ষ্য।
দিনের শেষভাগে কেন্টের হয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন হাসান মাহমুদ। ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে উইকেটে নামেন তিনি। তখন দিনের খেলা শেষ হতে বাকি ছিল ২২ ওভার। বার্টি ফোরম্যানকে সঙ্গে নিয়ে ১০৫ বলে ৩৩ রানের জুটি গড়ে কেন্টকে ড্রয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন বাংলাদেশের এই পেসার।
দলীয় সংগ্রহ ২৫১ রানে পৌঁছানোর পর দিনের খেলা শেষ হতে বাকি ছিল ২৭ বল। ঠিক তখনই এলবিডব্লিউ হয়ে ফিরে যান ফোরম্যান। তাঁর বিদায়ের পর ব্যাট হাতে হাসানের সঙ্গী হন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। দিনের শেষ পর্যন্ত এই দুই বাংলাদেশি ব্যাটার উইকেটে থাকতে পারলে কেন্টের জন্য তা হতে পারত দারুণ এক স্বস্তির মুহূর্ত।
কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি। দিনের খেলা শেষ হওয়ার মাত্র ১৫ বল আগে ব্রেট রানডেলের বাউন্সারে ক্যাচ তুলে দেন হাসান। ৪৮ বলে ৯ রানের লড়াকু ইনিংস খেলে থামেন তিনি।
ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচটি ড্র করতে পারলে কেন্টের জন্য সেটি কার্যত জয়ের সমান হতো। কারণ, ড্র করলে কাউন্টি ডিভিশন টু-এর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসত কেন্ট। তবে হারের পর দুই ম্যাচ হাতে রেখে ১৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানেই রয়েছে দলটি।
কাউন্টি ডিভিশন ওয়ানে উন্নীত হবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল। বর্তমানে তালিকার শীর্ষে রয়েছে ডারহাম, তাদের পয়েন্ট ২৩০। দ্বিতীয় স্থানে থাকা নর্থহ্যাম্পটনশায়ারের পয়েন্ট ১৭৫। চলতি মৌসুমে এটি কেন্টের দ্বিতীয় হার।
তবে কেন্টের এই হারে হাসান মাহমুদের দায় নেই। ম্যাচ বাঁচানোর মূল দায়িত্ব ছিল ব্যাটসম্যানদের ওপর। বল হাতে তার আগেই নিজের কাজটা দারুণভাবে করে ফেলেছিলেন হাসান। ম্যাচে তিনি নিয়েছেন ৭ উইকেট। আর ব্যাট হাতে ৪৮ বল খেলে ৯ রান করা ছিল কেন্টের জন্য এক অর্থে বাড়তি পাওয়া।
সব মিলিয়ে চলতি মৌসুমে কেন্টের হয়ে চার ম্যাচ খেলেছেন হাসান মাহমুদ। তাঁর উইকেটসংখ্যা এখন ২৬টি। অন্যদিকে কেন্টের হয়ে অভিষেক ম্যাচে খালেদ আহমেদ পেয়েছেন ৩ উইকেট। তাঁর সব কটি উইকেটই এসেছে প্রথম ইনিংসে।
কেন্টের পরবর্তী ম্যাচ ১৫ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ল্যাঙ্কাশায়ার। সেখানে আবারও বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে দলটি।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।