সাফে ২৩ বছরের আক্ষেপ ঘোচানো হলো না বাংলাদেশের। সেমিফাইনালে ৮৬ মিনিটে গোল হজম করে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হয়েছে হামজা চৌধুরীদের। এই হারের পর দেশের ফুটবল অঙ্গনে চলছে নানা সমালোচনা। শক্তিশালী দল নিয়েও কেন পাকিস্তানের রক্ষণভাগ ভাঙতে পারল না বাংলাদেশ, তা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ উঠেছে, বাংলাদেশ দলের খেলার পরিকল্পনা ও অভ্যন্তরীণ অনেক তথ্য আগেই জেনে গিয়েছিল পাকিস্তান।
খোঁজ নিয়ে জানা গেছে, সেমিফাইনালের প্রায় ১০ ঘণ্টা আগেই বাংলাদেশ দলের মার্কিন কোচ থমাস ডুলির পরিকল্পনা সম্পর্কে ধারণা পেয়েছিল পাকিস্তান। বাংলাদেশ কীভাবে খেলবে, তার পুরো ছকই পাকিস্তানের জানা ছিল বলে দাবি করা হচ্ছে। একাদশ গঠন থেকে শুরু করে দলের অভ্যন্তরীণ বিভিন্ন তথ্যও তাদের হাতে ছিল বলে জানা গেছে।
কোচ থমাস ডুলি একাদশ গঠন নিয়ে কাকে রাখবেন, কাকে বাদ দেবেন, কোন ফুটবলার বেঞ্চে থাকবেন এসব বিষয়ও পাকিস্তানের জানা ছিল বলে অভিযোগ। এমনকি পাকিস্তানের বিপক্ষে কিকঅফ থেকে শুরু করে বাংলাদেশের গেম প্ল্যান সম্পর্কেও তারা আগাম তথ্য পেয়েছিল বলে দাবি করা হচ্ছে।
বসুন্ধরা কিংসের মাঠে রুদ্ধদ্বার অনুশীলন হলেও ড্রোন ক্যামেরার মাধ্যমে থমাস ডুলির অনুশীলনের বিভিন্ন তথ্য জেনেছে পাকিস্তান এমন অভিযোগও উঠেছে। ফারহান আলী, হামজা, সামিত সোম ও রাকিব হোসেনদের ইনডোর মিটিংয়ে হওয়া আলোচনাও গোপন থাকেনি বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রের দাবি, বাংলাদেশ দলের ভেতর থেকেই গোপন তথ্য বাইরে গেছে। দলের অভ্যন্তরীণ বিষয় কারা বাইরে সরবরাহ করেছেন, তা নিয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না। কিছু মাধ্যমে ছোট ছোট সংবাদ দিয়ে নিজের প্রচার করতে গিয়ে দলের গুরুত্বপূর্ণ তথ্যও পাকিস্তানের কাছে চলে গেছে বলে অভিযোগ রয়েছে।
ম্যাচ দেখে কিংবা ভিডিও বিশ্লেষণ করে পাকিস্তান যতটা না পরিকল্পনা করেছে, বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য তাদের আরও বেশি কাজে এসেছে বলে মনে করা হচ্ছে। জাতীয় দলে একজন ম্যাচ অ্যানালিস্ট থাকলেও তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পাকিস্তান দলকে নিয়ে তিনি যথাযথ বিশ্লেষণ করেছিলেন কি না, তা নিয়ে আলোচনা চলছে।
সেমিফাইনালের আগে পাকিস্তান দলে চারজন ফুটবলার যুক্ত হয়েছিলেন। তাঁদের দক্ষতা ও যোগ্যতা নিয়ে বাংলাদেশ দলের অ্যানালিস্ট কোনো বিশ্লেষণ করেছিলেন কি না, সেই প্রশ্নও উঠেছে। বাফুফের একাধিক কর্মকর্তার দাবি, অ্যানালিস্ট দলের সঙ্গে শুধু যাওয়া-আসা করছেন।
সেমিফাইনালে খেলোয়াড় পরিবর্তন নিয়েও দলের ভেতরে দ্বন্দ্বের খবর পাওয়া গেছে। ড্রেসিংরুমে দুই ফুটবলারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, যার পেছনে ছিল কোচের সিদ্ধান্ত এমন অভিযোগ রয়েছে। খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রে কোচের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল বলেও জানা গেছে। কোচকে প্রভাবিত করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
রক্ষণভাগে তপু বর্মনের খেলার কথা ছিল বলে জানা গেছে। পাকিস্তান ম্যাচের আগের দিন কোচও তপুর কথা বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে মাঠে নামানো হয়নি। পরিবর্তে রহমত মিয়াকে খেলানো হয়। তপুকে নিয়ে রক্ষণ সাজানোর পরিকল্পনা কেন বাস্তবায়ন হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কোচের সিদ্ধান্তে তপু বর্মনও ক্ষুব্ধ বলে জানা গেছে। পাকিস্তানের বিপক্ষে হারের পর হতাশা ও ক্ষোভে ভেঙে পড়েন তিনি। খেলার জন্য পুরোপুরি প্রস্তুত থাকার পরও মাঠের বাইরে বসে দলকে গোল হজম করতে দেখেছেন এই ডিফেন্ডার।
ফুটবলারদের একাংশের মতে, তপু মাঠে থাকলে হামজাকে আক্রমণভাগে খেলানোর সুযোগ তৈরি হতো। তাঁদের বক্তব্য, গোল হজমের সময় হামজা রক্ষণভাগে, এমনকি বক্সের ভেতরে ছিলেন। হামজার সামনে দিয়েই প্রতিপক্ষ গোল করে।
উইংব্যাক পজিশনে বিশ্বনাথ ঘোষকে খেলানো নিয়েও প্রশ্ন উঠেছে। কোচ একদিন তাঁকে স্ট্রাইকার পজিশনে খেলিয়েছিলেন, আর পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাঁকে নামান রক্ষণভাগে। অন্যদিকে তপুকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ রয়েছে। কোচের এই সিদ্ধান্তের পেছনে অন্য কারও প্রভাব ছিল বলে অনেকে মনে করছেন।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।