যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার বছরের মেয়াদের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত এ নির্বাচন তাঁর মেয়াদের শেষ দুই বছরের রাজনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে মধ্যবর্তী নির্বাচনের কোনো ব্যালটেই প্রেসিডেন্ট ট্রাম্পের নাম থাকবে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চার বছরের মেয়াদের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত এই ‘মিডটার্ম’ বা মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণের পাশাপাশি অঙ্গরাজ্যগুলোর গভর্নর এবং স্থানীয় আইনসভার (স্টেট-লেভেল) কয়েক হাজার পদে কারা দায়িত্ব নেবেন, তা নির্ধারিত হবে।
ডেমোক্র্যাটরা কংগ্রেসের যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ নিতে পারলে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে বাধা তৈরি হতে পারে। একই সঙ্গে প্রশাসনের ওপর কংগ্রেসের নজরদারিও বাড়তে পারে। অন্যদিকে রিপাবলিকানরা জয়ী হলে ওয়াশিংটনে দলটির নিয়ন্ত্রণ বজায় থাকবে।
প্রতিনিধি পরিষদে নজর সংখ্যাগরিষ্ঠতায়
মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ৪৩৫টি আসনেই নির্বাচন হবে। কংগ্রেসের নিম্নকক্ষটির প্রতিটি আসনে দুই বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হয়।
৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন। ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকানরা ২২০-২১৫ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। তবে এরপর মৃত্যু, পদত্যাগ এবং একজন সদস্যের দলবদলের কারণে বর্তমানে প্রতিনিধি পরিষদে ২১৮ জন রিপাবলিকান, ২১৪ জন ডেমোক্র্যাট ও একজন স্বতন্ত্র সদস্য রয়েছেন। দুটি আসন বর্তমানে শূন্য।
ফলে এবার রিপাবলিকানরা দুটি আসন হারালেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে। কিন্তু তিনটি আসন হারালে তাদের সেই সংখ্যাগরিষ্ঠতা আর থাকবে না। অন্যদিকে ২০২৪ সালের ফলাফলের তুলনায় প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের এবার তিনটি আসন বাড়াতে হবে।
সিনেটে ৩৫ আসনে নির্বাচন
১০০ আসনের সিনেটে এবার ৩৫টি আসনে নির্বাচন হচ্ছে। এর মধ্যে ৩৩টি আসনে নিয়মিত ছয় বছর মেয়াদি নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি ফ্লোরিডা ও ওহাইওতে দুটি আসনে বিশেষ নির্বাচন হবে।
বর্তমানে সিনেটে রিপাবলিকানদের ৫৩-৪৭ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এ হিসাবে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেওয়া দুই স্বতন্ত্র সিনেটরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। সিনেটের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের নিট চারটি আসন বাড়িয়ে ৫১ আসনে পৌঁছাতে হবে। সিনেটে ৫০-৫০ সমতা হলে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভোটে সিদ্ধান্ত হবে।
এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হবে, যা দেশটির মোট অঙ্গরাজ্যের প্রায় তিন-চতুর্থাংশ। অঙ্গরাজ্য আইনসভার নিয়মিত নির্বাচনে এবার ৬১৩৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে। দেশের ৯৯টি অঙ্গরাজ্য আইনসভার কক্ষের মধ্যে ৮৮টিতে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে।
জনমত জরিপে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার ইঙ্গিত
১৪ ও ১৫ সেপ্টেম্বর পরিচালিত পিবিএস নিউজ/এনপিআর/মারিস্টের এক জরিপে নিবন্ধিত ভোটারদের কাছে জানতে চাওয়া হয়, কংগ্রেস নির্বাচনে তাঁরা কোন দলের প্রার্থীকে সমর্থন করবেন। এতে রিপাবলিকানদের তুলনায় ১২ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন ডেমোক্র্যাটরা। ডেমোক্র্যাটদের সমর্থন ছিল ৫৩ শতাংশ, আর রিপাবলিকানদের ৪১ শতাংশ।
একই জরিপে স্বতন্ত্র ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটরা এগিয়ে ছিলেন। এ ভোটারদের ৫৭ শতাংশ ডেমোক্র্যাটদের পক্ষে এবং ৩২ শতাংশ রিপাবলিকানদের পক্ষে সমর্থন জানিয়েছেন।
সেপ্টেম্বরে পরিচালিত কয়েকটি প্রধান জনমত জরিপে ট্রাম্পের প্রতি সমর্থনের হার ৩২-৪১ শতাংশের মধ্যে ছিল। রয়টার্স/ইপসোসের জরিপে যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থনের হার ছিল ৩২ শতাংশ, যা তাঁর রাজনৈতিক জীবনের সর্বনিম্ন। অন্যদিকে নিবন্ধিত ভোটারদের মধ্যে মারিস্টের জরিপে এ হার ছিল ৩৯ শতাংশ এবং এনবিসি নিউজের জরিপে ৪১ শতাংশ।
তবে জরিপগুলোর পদ্ধতি ও অংশগ্রহণকারীদের মধ্যে পার্থক্য রয়েছে। ফলে এসব পরিসংখ্যান সরাসরি তুলনাযোগ্য নয়। জরিপের ফলাফলে কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জেতাতে ট্রাম্পের জনপ্রিয়তার বড় ধরনের প্রভাব থাকবে এমন কোনো স্পষ্ট ইঙ্গিতও পাওয়া যায়নি।
এনবিসি নিউজের জরিপে ৫৫ শতাংশ নিবন্ধিত ভোটার বলেছেন, ট্রাম্পের নীতিগুলো যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্ষতি করেছে। বিপরীতে ২৬ শতাংশ মনে করেন, এসব নীতি অর্থনীতির জন্য উপকারী হয়েছে।
নির্বাচনী ব্যয়ে নতুন রেকর্ডের আভাস
২০২৫-২৬ সালের নির্বাচনী চক্রে যুক্তরাষ্ট্রে নির্বাচনী বিজ্ঞাপনে প্রায় ১২ বিলিয়ন বা ১ হাজার ২০০ কোটি ডলার ব্যয় হতে পারে। অ্যাড ট্র্যাকিং কোম্পানি অ্যাডইমপ্যাক্টের পূর্বাভাস অনুযায়ী, এ সময় বিজ্ঞাপনে ১ হাজার ১৬০ কোটি ডলার ব্যয় হতে পারে।
এই ব্যয় ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে বিজ্ঞাপনে ব্যয়ের আগের রেকর্ড ৮৯০ কোটি ডলারকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এমনকি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বিজ্ঞাপনে যে অর্থ ব্যয় হয়েছিল, এবার তার চেয়েও বেশি অর্থ ব্যয় হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।
প্রাইমারিতে রেকর্ডসংখ্যক প্রার্থী
এ বছর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রাথমিক নির্বাচনে (প্রাইমারি) ২৪৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অন্তত ২০১৪ সালের পর যেকোনো নির্বাচনী চক্রে এটিই সর্বোচ্চ সংখ্যা। তাঁদের মধ্যে ২ হাজার ২৩২ জন প্রতিনিধি পরিষদের আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এবার ৩ নভেম্বরের ভোটে প্রতিনিধি পরিষদের ৪৪টি আসনে প্রধান দুই দলের একই প্রার্থীরা আবারও মুখোমুখি হচ্ছেন, যাঁরা ২০২৪ সালের নির্বাচনেও পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
সব মিলিয়ে এবারের মধ্যবর্তী নির্বাচন শুধু কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণের ভোট নয়; ট্রাম্প প্রশাসনের বাকি দুই বছরের আইন প্রণয়ন, নীতিনির্ধারণ এবং কংগ্রেসের সঙ্গে ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রেও এর ফল গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।