নেতানিয়াহু এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকট

ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন দেশটির নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত আইজেনকট। রোববার (১৫ নভেম্বর) প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুর বিরুদ্ধে এ মন্তব্য করেন তিনি। এর কয়েক ঘণ্টা আগেই জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনায় বসেছিলেন দুই নেতার প্রতিনিধিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইজেনকট লেখেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরায়েলি গণতন্ত্রের জন্য একটি বাস্তব, প্রত্যক্ষ এবং তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছে।’

এর আগে রোববার ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে অভিযোগ করা হয়, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন ইউনাইটেড আরব লিস্ট (রাম) দলের সদস্যদের বিরুদ্ধে পুলিশ কমিশনারের দপ্তরে অভিযোগ দায়ের করেছিলেন। নর্ডেন পুলিশ কর্মকর্তাদের কাছে এমন একজন কথিত গোয়েন্দা সূত্রের তথ্য পাঠিয়েছিলেন, যিনি নেতানিয়াহুর কার্যালয়ের সাবেক কর্মী ছিলেন।

চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, ওই সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ কর্মকর্তা পরোয়ানা ছাড়াই রাম দলের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোট দেওয়ার জন্য ঘুষ প্রদানের সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর নির্বাচনের দিনজুড়ে নেতানিয়াহু আরব-নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচারণা চালান। দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়ী হওয়ার পর তিনি নির্বাচনী জালিয়াতির অপ্রমাণিত অভিযোগ তোলেন। তবে কথিত গোয়েন্দা সূত্রের তথ্য ভিত্তিহীন প্রমাণিত হওয়ার পর পুলিশ ওই তিন ব্যক্তিকে মুক্তি দেয়।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনের দিন নির্বাচনী হস্তক্ষেপের সন্দেহে পাঁচজন ফিলিস্তিনি-ইসরায়েলি নেসেট সদস্যের ফোনে আড়ি পাতার অনুমতি চেয়ে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে আবেদন করেছিলেন। তবে পরে সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়।

সাবেক সেনাপ্রধান আইজেনকট বলেন, ‘আমি এই ঘটনার অবিলম্বে তদন্তের আহ্বান জানাচ্ছি এবং পুলিশ ও শিন বেতকে প্রকাশিত বিবরণগুলো অবিলম্বে স্পষ্ট করার দাবি জানাই।’

অন্যদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি আইজেনকটের বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘জঘন্য উসকানি’ বলে অভিহিত করেছে।

এর আগে শুক্রবার আইজেনকট অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনের সময় ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারণায় উসকানি দিয়েছেন নেতানিয়াহু।

শনিবার নেতানিয়াহু ঐক্যের সরকার গঠনে আইজেনকটের প্রতি আবারও আহ্বান জানান। তবে বিরোধী নেতা সেই আহ্বানকে ‘ধোঁকাবাজি’ বলে আখ্যা দেন। যদিও আইজেনকট তার ইয়াশার পার্টি ও লিকুদ পার্টির মধ্যে যৌথ সরকার গঠনের প্রস্তাব নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, নেতানিয়াহু কিংবা আইজেনকট কোনো পক্ষের জোটই এখনো সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।