৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেবে সরকার

নিয়মিত টিকাদান কর্মসূচির আওতার বাইরে থাকা প্রায় ৩৪ লাখ শিশুকে সুরক্ষার আওতায় আনতে দেশজুড়ে বিশেষ হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিশেষ এই কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী অর্থাৎ পাঁচ বছরের কম বয়সী যেসব শিশু নিয়মিত কর্মসূচিতে হাম ও রুবেলার টিকা পায়নি, তাদের টিকা দেওয়া হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সারাদেশে চলবে এই বিশেষ টিকাদান অভিযান।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে গত ১৩ সেপ্টেম্বর সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) থেকে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সব কার্যালয়ে জরুরি নির্দেশনা পাঠানো হয়। ওই নির্দেশনায় নিজ নিজ এলাকার ছয় থেকে ৫৯ মাস বয়সী হাম ও রুবেলার টিকা না পাওয়া শিশুদের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে তিন দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছিল।

নির্দেশনার পর মাঠপর্যায়ে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন এলাকায় টিকা থেকে বাদ পড়া শিশুদের তালিকা তৈরি করা হয়। এসব শিশুকে হাম ও রুবেলার মতো সংক্রামক রোগের বিরুদ্ধে সুরক্ষা দিতে বিশেষ কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেয় সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়মিত টিকাদান কর্মসূচিতে কোনো কারণে বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকার আওতায় আনাই এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য। এর মাধ্যমে টিকা না পাওয়া শিশুদের একটি বড় অংশকে দ্রুত সুরক্ষার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলা এ কর্মসূচিতে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী যেসব শিশু এখনো হাম ও রুবেলার টিকা পায়নি, তাদের অভিভাবকদের স্থানীয় টিকাদানকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।