বিশ্ব ফুটবলের মহাকুম্ভ ‘২০২৬ ফিফা বিশ্বকাপ’ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। তবে এই মেগা আসরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রে এক নতুন নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে সম্ভাব্য ড্রোন হামলা (Drone Attack) এবং আধুনিক প্রযুক্তির অপব্যবহার রোধে আকাশসীমা সুরক্ষায় দেশটির ‘ন্যাশনাল গার্ড’ (National Guard) বাহিনীকে মোতায়েনের জোরালো দাবি জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। একটি সুসংগঠিত ও ‘একীভূত কেন্দ্রীয় নিরাপত্তাব্যবস্থা’ নিশ্চিত করার লক্ষে ট্রাম্প প্রশাসনের প্রতি এই বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির দুই প্রভাবশালী রিপাবলিকান সদস্য—মাইকেল ম্যাককল এবং এলাইজাহ ক্রেন হোয়াইট হাউসের নীতি-নির্ধারকদের কাছে এক জরুরি চিঠি পাঠান। এই চিঠিটি পাঠানো হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি-বিষয়ক মন্ত্রী মার্কওয়েন মুলিন, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং পেন্টাগন প্রধান পিট হেগসেথের কাছে। চিঠিতে তাঁরা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আসরে ড্রোনের মাধ্যমে যেকোনো নাশকতামূলক তৎপরতা রুখতে ন্যাশনাল গার্ডকে প্রয়োজনীয় আইনি ক্ষমতা ও কারিগরি সরঞ্জাম দেওয়া অপরিহার্য।
আইনপ্রণেতাদের মতে, যুক্তরাষ্ট্রের ১১টি আয়োজক শহরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বিপুল ভৌগোলিক পরিধি এবং ভিন্ন ভিন্ন অঙ্গরাজ্যের আইনি এখতিয়ারের কারণে নিরাপত্তার ক্ষেত্রে এক ধরনের ‘বিচ্ছিন্ন পরিবেশ’ বা সমন্বয়হীনতা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। এই জটিলতা কাটাতে ফেডারেল সরকারের অধীনে একটি সমন্বিত কমান্ড সিস্টেম প্রয়োজন। তাঁরা চিঠিতে আরও লেখেন, ন্যাশনাল গার্ডের অভ্যন্তরীণ জরুরি পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘদিনের পেশাদার অভিজ্ঞতা রয়েছে এবং তাঁরা খুব দ্রুত যেকোনো স্থানে মোতায়েনযোগ্য। তাই ড্রোন প্রতিরোধ ব্যবস্থা বা ‘সি-ইউএএস’ (C-UAS) কার্যকর করতে তাঁরাই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারবেন।
উল্লেখ্য, গত সপ্তাহে ওয়াশিংটনে ‘হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনার’ চলাকালে এক বন্দুকধারীর গুলিবর্ষণের ঘটনার ঠিক এক দিন আগেই এই চিঠিটি পাঠানো হয়েছিল। ওই হামলার ঘটনাটি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে মার্কিন মুলুকের নিরাপত্তা সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে পেন্টাগন বা বিচার বিভাগের মন্তব্য চাওয়া হয়েছিল, কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে উদ্ভূত পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে হোয়াইট হাউস গত সোমবার বিশ্ববাসীকে আশ্বস্ত করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল এক বিবৃতিতে বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করতে চান যে, ২০২৬ বিশ্বকাপ কেবল দর্শকদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতাই হবে না, বরং এটি হবে ক্রীড়া ইতিহাসের সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত আসর।” সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক ড্রোন ডিটেকশন সিস্টেম এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পর্যায়ের ‘বাজেট’ ও জনবল বরাদ্দ রাখা হয়েছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।