গত ১৭ বছর সরকারি পৃষ্ঠপোষকতায় দেশের পাড়ায়-পাড়ায় মাদকের আখড়া গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রোববার (২৫ অক্টোবর) দুপুরে বাগেরহাট পুলিশ লাইনস মিলনায়তনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, দেশে পুলিশের সংখ্যা মাত্র ২ লাখ ১৫ হাজার। চলতি বছর ২০ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে। তবে একসঙ্গে এতসংখ্যক সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো নেই। এ কারণে নতুন প্রশিক্ষণকেন্দ্র তৈরি করা প্রয়োজন।
তিনি বলেন, একটি দেশের উন্নয়নে কোনো শর্টকাট নেই। দেশের অগ্রগতি নিশ্চিত করতে সবাইকে সরকারকে সহযোগিতা করতে হবে। শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে জানিয়ে আইজিপি বলেন, জেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এসব কমিটি কাজ করবে। এলাকার কোন ছেলে কী করছে, তা স্থানীয় বাসিন্দাদের জানা থাকে। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য কাজে লাগিয়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো সম্ভব হবে।
সাইবার অপরাধ প্রতিরোধে দক্ষ সাইবার ইউনিট গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই ইউনিট গুজব ও মব প্রতিরোধে কাজ করবে।
যুবকদের অপরাধে জড়িয়ে পড়ার পেছনে বেকারত্বকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, প্রতিবছর দেশে ২৭ লাখ বেকার যুক্ত হচ্ছে। তাঁদের মধ্যে হতাশা কাজ করছে। তরুণদের বিপুল কর্মশক্তি থাকলেও তা যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না।
আইজিপি আরও বলেন, ব্যবসায়ীরাও বিনিয়োগ করছেন না; বরং ব্যাংকে টাকা জমা রাখছেন। বিনিয়োগ না এলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে না।
মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আইজিপি বলেন, গত দুই মাসে মাদকের কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে। আগে নিজেদের ঘর পরিষ্কার করতে হবে, তারপর অন্যদের পরিষ্কারের কথা বলা যাবে।
একই সঙ্গে মাদকবিরোধী অভিযান জোরদার করতে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আইজিপি বলেন, ‘গুজব, আপা আসবে, কে আসবে আর না আসবে, তা নিয়ে আমাদের প্রশাসনের, কমিউনিটি পুলিশের কোনো ভাবনা নেই।’
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিলুর ইসলামের সভাপতিত্বে সমাবেশে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভীন আক্তার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা প্রদীপ বসু শন্তুসহ জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।