ইন্দোনেশিয়ার বিনোদন জগতে তাঁর পদচারণা দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে। গান, অভিনয়, নৃত্য কিংবা টেলিভিশন উপস্থাপনা—সব মাধ্যমেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। তবে বিশ্বজুড়ে বর্তমান সময়ের চলচ্চিত্র প্রেমীদের কাছে তিনি নতুন করে আলোচনায় এসেছেন প্রাইম ভিডিওর ব্লকবাস্টার অ্যাকশন সিরিজ ‘রিচার’-এর চতুর্থ মৌসুমের মাধ্যমে। তিনি আর কেউ নন, ইন্দোনেশীয় সুপারস্টার আগনেজ মো।
গত ১২ আগস্ট থেকে শুরু হওয়া ‘রিচার’-এর নতুন মৌসুমে লিলা হথ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক গণমাধ্যম ও দর্শকদের নজর কেড়েছেন এই তারকা। ছয় বছর বয়সে শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করা আগনেজ এখন শুধু তাঁর নিজ দেশেই নয়, বরং বিশ্বমঞ্চে এক পরিচিত নাম। তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি ধাপে ধাপে নিজেকে শিশুশিল্পী থেকে কিশোর তারকা, গায়িকা এবং আন্তর্জাতিক পপ আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এবার সেই সাফল্যের মুকুটে যুক্ত হলো হলিউডের অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি।
শৈশব থেকেই প্রতিভার বিচ্ছুরণ
১৯৮৬ সালের ১ জুলাই জাকার্তায় জন্ম নেওয়া অ্যাগনেস মনিকা মুলজোতো পেশাগত জীবনে ‘আগনেজ মো’ নামেই সমধিক পরিচিত। নব্বইয়ের দশকে শিশুশিল্পী হিসেবে তিনটি মিউজিক অ্যালবাম এবং টেলিভিশন উপস্থাপনার মাধ্যমে তাঁর যাত্রা শুরু হলেও, ২০০১ সালে ‘পেরনিকাহান দিনি’ নামক টেলিভিশন নাটকের মাধ্যমে তিনি রাতারাতি তারকাখ্যাতি পান। সেখানে এক অন্তঃসত্ত্বা কিশোরীর চরিত্রে তাঁর অভিনয় ইন্দোনেশিয়ার তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর তিনি তাইওয়ানের ‘দ্য হসপিটাল’ ও ‘রোমান্স ইন দ্য হোয়াইট হাউস’-এর মতো আন্তর্জাতিক প্রডাকশনেও কাজ করেন।
সংগীতের বিশ্বমঞ্চে পদার্পণ
অভিনয় দিয়ে শুরু করলেও আগনেজ মো এক সময় সংগীতকে নিজের প্রধান ধ্যান-জ্ঞান হিসেবে বেছে নেন। ২০০৩ সালে ‘অ্যান্ড দ্য স্টোরি গোজ’ অ্যালবামের মাধ্যমে তিনি পপ গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর লক্ষ্য ছিল আমেরিকার বৃহৎ সংগীত বাজার। সেই ধারাবাহিকতায় তিনি মার্কিন র্যাপার টি আই, টিম্বাল্যান্ড এবং ক্রিস ব্রাউনের মতো বিশ্বখ্যাত শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। এমনকি স্টিভ আওকি ও ফ্রেঞ্চ মন্টানার মতো তারকাদের সঙ্গেও তাঁর যৌথ গান রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর বিশাল প্রভাব; বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর অনুসারী সংখ্যা ৩ কোটিরও বেশি।
১৫ বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন ও ‘রিচার’
দীর্ঘ ১৫ বছর অভিনয় থেকে দূরে থাকার পর ‘রিচার’ সিরিজের মাধ্যমে পর্দায় ফিরেছেন আগনেজ। তবে এই ফেরাটা তাঁর জন্য সহজ ছিল না। আগনেজ জানান, তিনি চেয়েছিলেন নিজের তারকাখ্যাতি ব্যবহার না করে কেবল যোগ্যতার ভিত্তিতে অডিশনের মাধ্যমে এই চরিত্রটি অর্জন করতে। একাধিক অডিশন ও কলব্যাক পর্ব শেষে তিনি ‘লিলা হথ’ চরিত্রের জন্য নির্বাচিত হন।
সিরিজটিতে লিলার চরিত্রটি অত্যন্ত রহস্যময় ও জটিল। নিজের অসুস্থতার কথা জানিয়ে বাবার সন্ধানে ফিলাডেলফিয়ায় আসা লিলার কাহিনী ক্রমে মূল চরিত্র জ্যাক রিচারের তদন্তের সঙ্গে জড়িয়ে যায়। এই সিরিজে তাঁর মায়ের চরিত্রে অভিনয় করেছেন আরেক ইন্দোনেশীয় বংশোদ্ভূত ফরাসি গায়িকা আংগুন। আগনেজের মতে, লিলার চরিত্রটি বহুমাত্রিক—সে একইসঙ্গে বুদ্ধিমান ও দৃঢ়চেতা। কোনো একপাক্ষিক চরিত্র নয় বলেই লিলা চরিত্রটি তাঁকে অভিনয় করতে উৎসাহিত করেছে।
নতুন দিগন্তের হাতছানি
‘রিচার’ সিরিজে অভিনয়ের পর আন্তর্জাতিক তথ্যভাণ্ডার আইএমডিবি-তে (IMDb) ট্রেন্ডিং তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছিলেন আগনেজ। প্রাইম ভিডিওর এই অত্যন্ত সফল সিরিজের পর তাঁর সামনে এখন হলিউডের বড় বড় প্রজেক্টের সুযোগ তৈরি হচ্ছে। এরই মধ্যে ‘গ্রোভ টেলস’ নামক একটি আন্তর্জাতিক প্রকল্পে যুক্ত হয়েছেন তিনি। ভক্তদের দাবি মেনে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র ‘সাইলক’-এ অভিনয়ের সুপ্ত বাসনাও ব্যক্ত করেছেন এই তারকা।
সংগীত ও অভিনয়ের মেলবন্ধনে আগনেজ মো এখন এমন এক উচ্চতায় পৌঁছেছেন, যেখানে তাঁর প্রতিটি পদক্ষেপ বিশ্ব বিনোদন জগতে নতুন আলোচনার খোরাক জোগাচ্ছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।