দেশের স্বাস্থ্যসেবা খাতের বেহাল দশা এবং তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের চিকিৎসাবঞ্চিত হওয়ার করুণ চিত্র জাতীয় সংসদে অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের আলোচনায় অংশ নিয়ে তিনি তার নির্বাচনী এলাকার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি ‘অসুস্থ রোগীর’ সাথে তুলনা করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যে হাসপাতাল মানুষের রোগ নিরাময় করার কথা, সেই হাসপাতালটি নিজেই এখন নানাবিধ সংকটে ধুঁকছে।
রুমিন ফারহানা সংসদে জানান, সরাইল উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা এই ৫০ শয্যার হাসপাতালটি। কিন্তু বিশাল এই জনগোষ্ঠীর বিপরীতে প্রয়োজনীয় চিকিৎসক, কর্মচারী, জীবনরক্ষাকারী ঔষধ ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির তীব্র সংকট বিরাজ করছে। জনবল সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি উল্লেখ করেন, এই হাসপাতালে বর্তমানে কনসালটেন্ট, চিকিৎসক ও নার্সসহ মোট ৬৪টি পদ শূন্য রয়েছে, যা সাধারণ মানুষের সেবা প্রাপ্তিকে প্রায় অসম্ভব করে তুলেছে।
হাসপাতালটির জীর্ণ অবকাঠামো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এই সংসদ সদস্য আরও জানান, চিকিৎসার মানোন্নয়নে ১০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ভবন নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। তবে গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সংশ্লিষ্ট ঠিকাদার কাজ ফেলে পালিয়ে যাওয়ায় সেই প্রকল্প এখন পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে জরাজীর্ণ পুরাতন দোতলা ভবনেই হাসপাতালের কার্যক্রম কোনোমতে চালিয়ে নেওয়া হচ্ছে। ভবনটির করুণ দশা বর্ণনা করতে গিয়ে তিনি আক্ষেপ করে বলেন, “পুরাতন এই ভবনটি দেখলেই রোগাক্রান্ত মনে হয়।” স্বাস্থ্য খাতের এমন অব্যবস্থাপনা দূর করে দ্রুত জনবল নিয়োগ এবং থমকে যাওয়া উন্নয়ন প্রকল্পের কাজ পুনরায় শুরু করার জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া