আসন্ন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপনকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই প্রস্তুতির অংশ হিসেবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শুক্রবার তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে এই বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা রক্ষা এবং দিবসটি উদযাপনের জন্য স্থানটিকে প্রস্তুত করার উদ্দেশ্যে এই তিন দিন সাধারণ দর্শনার্থীদের প্রবেশাধিকার নিয়ন্ত্রিত থাকবে। এই সময়ে স্মৃতিসৌধের সার্বিক সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতার কাজ চলবে।
আগামী ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবসের ভোরে, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীসহ আমন্ত্রিত বিশেষ অতিথিরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর এবং অতিথিরা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পরই কেবল এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
এই উপলক্ষে তথ্য অধিদপ্তর থেকে আরেকটি বিজ্ঞপ্তিতে ঢাকার গাবতলী থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে যেকোনো ধরনের তোরণ, পোস্টার, ব্যানার বা ফেস্টুন স্থাপন না করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও এর সার্বিক সৌন্দর্য বজায় রাখতে এবং দিবসটির ভাবগাম্ভীর্য রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।