জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক তুলে দিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে এই রাষ্ট্রীয় সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাংলাদেশ সচিবালয় থেকে পায়ে হেঁটে পার্শ্ববর্তী ওসমানী স্মৃতি মিলনায়তনে যান। প্রটোকল ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার প্রথা কিছুটা শিথিল করে দেশের শীর্ষ নির্বাহীর এভাবে রাজপথে হেঁটে যাওয়ার ঘটনাটি উপস্থিত জনতাকে বিষ্মিত ও আবেগাপ্লুত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে বের হন। সাধারণত ভিভিআইপি মুভমেন্টের সময় কড়া নিরাপত্তা বেষ্টনী থাকে, তবে এদিন প্রধানমন্ত্রী স্বতঃস্ফূর্তভাবে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন। প্রধানমন্ত্রীর এই ব্যতিক্রমী যাত্রা দেখার জন্য সড়কের এক পাশে বিপুল সংখ্যক উৎসুক জনতার ভিড় জমে যায়। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও পথে সাধারণ মানুষের পক্ষ থেকে পাওয়া অগণিত শুভেচ্ছা ও অভিবাদনের জবাব দিতে দেখা যায় তাকে। এ সময় প্রধানমন্ত্রী হাসিমুখে হাত নেড়ে সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরবর্তীতে তিনি নির্ধারিত সময়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান এবং সেখানে পদক প্রদান অনুষ্ঠানের মূল কার্যক্রমে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর এই পদযাত্রা চলাকালীন তার সঙ্গে ছিলেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ সদস্য এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এমন মুহূর্তকে প্রত্যক্ষদর্শীরা ইতিবাচক হিসেবে দেখছেন। স্বাধীনতা পদকের মতো গৌরবময় অনুষ্ঠানের প্রাক্কালে প্রধানমন্ত্রীর এই যাত্রা এক নতুন মাত্রা যোগ করেছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।