সৌরবিদ্যুতের নতুন দর নির্ধারণ

বেসরকারি বাণিজ্যিক সৌরবিদ্যুৎকেন্দ্র বা মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ কেনার পাইকারি দর এবং জাতীয় সঞ্চালন ও বিতরণ লাইন ব্যবহারের মাশুল নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় কমিশন।

নতুন হার অনুযায়ী, একক ক্রেতা হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সংযোগের ভোল্টেজভেদে প্রতি ইউনিট সৌরবিদ্যুৎ ৬ টাকা ৯৮ পয়সা থেকে সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সা দরে কিনতে পারবে। আগামী অক্টোবর থেকেই এ হার কার্যকর হবে।

মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের উৎপাদিত বিদ্যুৎ সরাসরি বড় গ্রাহকের কাছে বিক্রি করতে পারবে। এ ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিদ্যুতের দাম নির্ধারণ করবেন। তবে সরকারি সঞ্চালন ও বিতরণ লাইন ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ করলে নির্ধারিত ‘ওপেন অ্যাকসেস ট্যারিফ’ পরিশোধ করতে হবে।

সংযোগের ধরন ও ভোল্টেজ অনুযায়ী লাইন ব্যবহারের মোট মাশুল প্রতি ইউনিটে ১ টাকা ২২ পয়সা থেকে ১ টাকা ৯০ দশমিক ৯৭ পয়সা পর্যন্ত নির্ধারণ করেছে বিইআরসি।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্র সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত এবং গ্রাহক সরকারি বিতরণ সংস্থার আওতায় থাকলে ২৩০ কেভিতে প্রতি ইউনিট মোট মাশুল হবে ১ টাকা ৫৯ দশমিক ৮৯ পয়সা, ১৩২ কেভিতে ১ টাকা ৬০ দশমিক ২৫ পয়সা এবং ৩৩ কেভিতে ১ টাকা ৬০ দশমিক ৯৭ পয়সা।

এর মধ্যে সঞ্চালন মাশুল ২৩০ কেভিতে ৩৭ দশমিক ৮৯ পয়সা, ১৩২ কেভিতে ৩৮ দশমিক ২৫ পয়সা এবং ৩৩ কেভিতে ৩৮ দশমিক ৯৭ পয়সা। বিদ্যুৎ গ্রহণের প্রান্তে বিতরণ মাশুল হিসেবে ইউনিটপ্রতি ১ টাকা ১৭ পয়সা এবং হিসাব ব্যবস্থাপনা ও বিল নিষ্পত্তির জন্য আরও ৫ পয়সা দিতে হবে।

বিদ্যুৎকেন্দ্র ও গ্রাহক আলাদা বিতরণ সংস্থার ভৌগোলিক এলাকায় থাকলে বিদ্যুৎ সরবরাহের প্রান্তে অতিরিক্ত ৩০ পয়সা বিতরণ মাশুল যুক্ত হবে। এতে ২৩০, ১৩২ ও ৩৩ কেভিতে মোট মাশুল দাঁড়াবে যথাক্রমে ১ টাকা ৮৯ দশমিক ৮৯ পয়সা, ১ টাকা ৯০ দশমিক ২৫ পয়সা এবং ১ টাকা ৯০ দশমিক ৯৭ পয়সা।

তবে উৎপাদনকারী ও গ্রাহক একই বিতরণ সংস্থার আওতায় থাকলে অতিরিক্ত ৩০ পয়সা প্রযোজ্য হবে না। আর গ্রিড ব্যবহার না করে একই বিতরণ লাইনের মাধ্যমে সরাসরি বিদ্যুৎ সরবরাহ করা হলে মোট মাশুল হবে প্রতি ইউনিটে ১ টাকা ২২ পয়সা। এ ক্ষেত্রে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অধীন সব সমিতিকে একটি সংস্থা হিসেবে বিবেচনা করা হবে।

বিতরণ সংস্থাভেদেও পৃথক মাশুল নির্ধারণ করা হয়েছে। প্রতি ইউনিটে পিডিবির জন্য ৭০ পয়সা, আরইবির জন্য ১ টাকা ৪৩ পয়সা, ডিপিডিসির জন্য ৮৫ পয়সা, ডেসকোর জন্য ৯৯ পয়সা, ওজোপাডিকোর জন্য ৮৭ পয়সা এবং নেসকোর জন্য ১ টাকা ৪ পয়সা নির্ধারণ করেছে কমিশন।

বিদ্যুৎ সঞ্চালনের ক্ষেত্রে পাওয়ার গ্রিড কোম্পানির মাসিক গড় সিস্টেম লস এবং বিতরণের ক্ষেত্রে সর্বশেষ সমাপ্ত অর্থবছরের বিতরণ লস বিবেচনায় নেওয়া হবে। উৎপাদিত ও সরবরাহ করা বিদ্যুতের কেন্দ্রীয় হিসাব ব্যবস্থাপনা ও বিল নিষ্পত্তির দায়িত্ব পালন করবে বিপিডিবি।

নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার ২০২৫ সালে মার্চেন্ট পাওয়ার নীতিমালা প্রণয়ন করে। নীতিমালা অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের ঘোষিত মাসিক উৎপাদনের সর্বোচ্চ ২০ শতাংশ সরকারি বিতরণ সংস্থার কাছে বিক্রি করতে পারবে। বাকি ৮০ শতাংশ সরাসরি বেসরকারি বড় শিল্পগ্রাহকদের কাছে সরবরাহের সুযোগ থাকবে।

এর আগে গত ২৩ আগস্ট এ বিদ্যুতের পাইকারি মূল্য ও হুইলিং চার্জ নির্ধারণে গণশুনানি করে বিইআরসি। শুনানিতে কমিশনের মূল্যায়ন কমিটি সরকারি ক্রয়ের দর প্রতি ইউনিটে ৬ টাকা ৪৮ পয়সা নির্ধারণের সুপারিশ করেছিল। তবে বিতরণ সংস্থাগুলো বড় শিল্পগ্রাহক হারিয়ে রাজস্ব কমার আশঙ্কা প্রকাশ করে। অন্যদিকে উদ্যোক্তারা অতিরিক্ত সঞ্চালন মাশুল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে বাধা সৃষ্টি করতে পারে বলে মত দেন।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।