সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি এএইচ-৬আই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় হেলিকপ্টারটির দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি।

বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীন একটি এলাকায় বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি, নিহত দুই ক্রু সদস্যের পরিচয় কিংবা হেলিকপ্টারটি কী কাজে ব্যবহৃত হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।