সেলেসাও স্কোয়াডে কি ফিরছেন নেইমার? আনচেলত্তির নতুন পরিকল্পনায় বড় চমক

ব্রাজিল জাতীয় দলের হেক্সা জয়ের মিশনে নেইমার জুনিয়র কি কেবলই এক অতীত, না কি এখনো দলের অবিচ্ছেদ্য অংশ? এই প্রশ্নের উত্তর খুঁজতে যখন ফুটবল বিশ্ব বিভক্ত, ঠিক তখনই ইতিবাচক এক বার্তা নিয়ে হাজির হলেন ব্রাজিল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। অভিজ্ঞ এই কোচ সাফ জানিয়ে দিয়েছেন, নেইমারকে বিশ্বকাপ পরিকল্পনা বা জাতীয় দল থেকে এখনই ছেঁটে ফেলা হয়নি। বরং এই তারকা ফরোয়ার্ড এখনো সেলেসাওদের প্রাথমিক তালিকায় সক্রিয়ভাবে বিবেচনার মধ্যেই রয়েছেন।

ফরাসি প্রভাবশালী সংবাদমাধ্যম ‘এল ইকুইপে’-কে (L’Equipe) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আনচেলত্তি নেইমারের ফেরার সম্ভাবনা নিয়ে অত্যন্ত গঠনমূলক আলোচনা করেছেন। তিনি জানান, দলে নেইমারের প্রভাব এবং বিশ্বজুড়ে তাঁর অগণিত ভক্তদের আবেগ বিবেচনায় নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করতে চান না তিনি। আনচেলত্তির ভাষায়, নেইমারের সামনে নিজেকে শতভাগ প্রমাণ করার জন্য এখনো অন্তত দুই মাস সময় আছে। এই সময়ের মধ্যে নেইমারকে তাঁর ‘ফিটনেস’ ও মাঠের পারফরম্যান্স দিয়ে কোচ ও নির্বাচকদের সন্তুষ্ট করতে হবে।

উল্লেখ্য, গত মার্চে ঘোষিত ব্রাজিল স্কোয়াড থেকে নেইমার বাদ পড়ায় বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল। অনেক ফুটবল বোদ্ধা মনে করেছিলেন, নেইমার যুগের হয়তো অবসান হতে চলেছে। তবে আনচেলত্তি তাঁর সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেন, “নেইমার ব্রাজিলিয়ান ফুটবলে এক উজ্জ্বল ইতিহাস তৈরি করেছে। সে একজন অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় এবং মানুষ সঙ্গত কারণেই মনে করে যে সে আমাদের পরবর্তী বিশ্বকাপ জিততে সাহায্য করবে। বর্তমানে সিবিএফ (CBF) এবং আমি অত্যন্ত নিবিড়ভাবে তাঁর পারফরম্যান্স মূল্যায়ন করছি।”

তবে কোচ আনচেলত্তি তাঁর ‘কঠোর ফিটনেস নীতি’ থেকে সরে আসেননি। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, বিশ্বকাপে কেবল সেই খেলোয়াড়দেরই জায়গা হবে যারা শারীরিকভাবে শতভাগ ফিট। সাম্প্রতিক সময়ে হাঁটুর গুরুতর ‘ইনজুরি’ কাটিয়ে সান্তসের হয়ে নেইমারের মাঠে ফেরাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন আনচেলত্তি। তিনি লক্ষ্য করেছেন যে, ইনজুরি থেকে ফেরার পর নেইমার কেবল গোলই করছেন না, বরং তাঁর খেলায় পুরনো ছন্দের প্রতিফলনও দেখা যাচ্ছে। আনচেলত্তির পরিকল্পনা অনুযায়ী, নেইমারকে তিনি মাঠের একটু কেন্দ্রীয় বা ‘সেন্ট্রাল’ পজিশনে এবং প্রতিপক্ষের গোলপোস্টের কাছাকাছি খেলাতে আগ্রহী, বর্তমানে যা তিনি তাঁর ক্লাব সান্তসের হয়ে করছেন।

সাক্ষাৎকারে নেইমার ছাড়াও ব্রাজিলের তরুণ তুর্কি এন্দরিককে নিয়ে কথা বলেছেন আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ থেকে ধারে অলিম্পিক লিওঁতে যোগ দেওয়া এই তরুণের পারফরম্যান্সে কোচ বেশ সন্তুষ্ট। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই নেইমারই। ৩৪ বছর বয়সে এসে নেইমারের জন্য আগামী কয়েক সপ্তাহ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা। বিশ্বমঞ্চে লড়াই করার জন্য তিনি শারীরিকভাবে কতটা প্রস্তুত, সেটিই এখন দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।