সেখানে জমিও দখল করতে যাই নাই, চাঁদা উঠাইতেও যাই নাই: ইশরাক হোসেন

মাদকবিরোধী অভিযানে অস্ত্র তাক করা ও গুলি ছোড়ার হুমকি দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন ইশরাক হোসেন। তাঁর দাবি, ওই অভিযানে তিনি কোনো ভুল করেননি। তবে তাঁর কর্মকাণ্ডের কারণে সরকারের কার্যক্রম যেন ম্লান না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন এবং প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, ‘আমি ইশরাক হোসেন, ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। গত ১২ তারিখ শপথ নিয়েছি। প্রধানমন্ত্রী আমাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। সেই অনুযায়ী দায়িত্ব পালন করে আসছি।’

গত দুই দিন ধরে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে তাঁকে ঘিরে একটি ঘটনা নিয়ে খবর প্রকাশিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রসঙ্গে ইশরাক বলেন, ‘আজ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। সেখানে তাঁকে বলেছি, আমি পদত্যাগ করতে চাই। আমার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। আমার কারণে যেন সরকারের কর্মকাণ্ড ম্লান না হয়।’

তিনি আরও বলেন, ‘আজকের দিন থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি প্রধানমন্ত্রীর কাছে। আমি তাঁকে বলেছি, পুরো সময় ঢাকা-৬ আসন ও এর পার্শ্ববর্তী এলাকায়, পরবর্তী সময়ে আরও কোনো এলাকা যুক্ত হলে সেখানেও মাদক নির্মূল এবং জাতীয় জনজীবনের অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই। তিনি সদয় সম্মতি দিয়েছেন।’

পদত্যাগের নির্দেশ নিয়ে বিতর্ক

এর আগে রোববার রাতে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে ওই খবরের পর ইশরাক দাবি করেন, তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি গুজব।

পরে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুরে সংবাদ সম্মেলন করে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা জানান তিনি। এরপর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন।

সংবাদ সম্মেলন কক্ষে নেতাকর্মীদের ভিড়

ইশরাক হোসেনের সংবাদ সম্মেলন চলাকালে জাতীয় প্রেসক্লাবের কক্ষে দলীয় নেতাকর্মীদের ভিড়কে কেন্দ্র করে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়। সেখানে প্রায় দুই শতাধিক নেতাকর্মী প্রবেশ করেন।

পরিস্থিতি নজরে আসার পর মাইকে নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে বাইরে অবস্থান নেওয়ার নির্দেশ দেন ইশরাক। পরে অনেকেই কক্ষ ছেড়ে বাইরে চলে যান।

সংবাদ সম্মেলনে তিনি আবারও জানান, ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূলসহ জনজীবনের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ চালিয়ে যেতে চান। প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়ার পেছনে এসব কাজে মনোযোগ দেওয়ার বিষয়টিও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।