সিগারেটের নিম্নস্তরে নতুন দাম, ১০ শলাকায় ৬৫ টাকা

দেশে নিম্নস্তরের বা কম দামি সিগারেটের দাম আরও ৩ টাকা বাড়ানো হয়েছে। এখন এই স্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অন্যান্য স্তরের সিগারেটের নির্ধারিত মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে চলতি অর্থবছরের বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকার সিগারেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার নতুন সিদ্ধান্তের ফলে সেই মূল্য আরও ৩ টাকা বাড়ল। এতে নিম্নস্তরের সিগারেটের ১০ শলাকার প্যাকেটের ন্যূনতম দাম দাঁড়িয়েছে ৬৫ টাকা।

এদিকে সিগারেটের মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের দাম পরিবর্তন করা হয়নি। প্রজ্ঞাপন অনুযায়ী, মধ্যম স্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের মূল্য ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের মূল্য ২১০ টাকা ও তদূর্ধ্ব বহাল থাকছে।

ফলে নতুন সিদ্ধান্তের প্রভাব মূলত নিম্নস্তরের সিগারেটের ওপরই পড়ছে। অন্যদিকে বাজারে প্রচলিত মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের সিগারেট আগের নির্ধারিত মূল্যেই বিক্রি হবে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।