সালমান মুক্তাদিরের বিরুদ্ধে ১০০ বিলিয়ন ডলারের মামলার দাবি সাংবাদিক সাহেদ আলমের!

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউব ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-পরবর্তী বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সাহেদ আলম। সালমান মুক্তাদিরের ক্ষোভ ও অভিমানকে খাটো না করেও সরকারি দলের ভাবমূর্তি বিনষ্টের দায়ে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ ও মানহানির মামলার দাবি তুলেছেন তিনি।

রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে সাহেদ আলম এই মন্তব্য করেন। সেখানে তিনি বিতর্কিত ওই স্থাপনার পেছনের প্রেক্ষাপট এবং ঘটনার গভীর রাজনৈতিক প্রভাব তুলে ধরেন।

সাহেদ আলম জানান, যে ‘নিউগিনি প্রপার্টিজ’-এ ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেটি মূলত একটি বিতর্কিত ও দখলকৃত জায়গায় গড়ে তোলা হয়েছে। সেখানে প্রায় ৮ কাঠা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে এবং পরবর্তীতে তিনটি নতুন গেট বসানো নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দফায় দফায় দ্বন্দ্ব তৈরি হয়। তিনি উল্লেখ করেন, বিগত সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেখানে অবৈধভাবে ভবন ও নানা স্থাপনা নির্মাণ করা হয়েছিল। তবে রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন সরকারের সময়ে সেই পুরনো রাজনৈতিক প্রভাব আর কাজ করছে না। ফলে প্রকৃত জমির মালিকরা তাদের ন্যায্য প্রবেশাধিকার ফিরে পেতে মরিয়া হয়ে ওঠেন এবং বিষয়টি নিয়ে একটি বড় ধাক্কা দেওয়ার চেষ্টা করেন।

এরই ধারাবাহিকতায় গভীর রাতে অন্তত ১০০ থেকে ১৫০ জনের একটি দল সেখানে তাণ্ডব চালায়। তারা প্রকাশ্যে গুলি ছুড়ে ও ব্যাপক ভাঙচুর চালিয়ে স্থাপনার ভেতরের সবকিছু তছনছ করে দেয়। এই হামলার ফলে ওই প্রপার্টির সার্বিক বৈধতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্তও শুরু হতে যাচ্ছে। তবে এই পুরো পরিস্থিতির মাঝে অন্য এক বড় সংকট তৈরি হয়েছে বলে দাবি করেন এই বিশ্লেষক।

ঘটনার বিস্তারিত তুলে ধরে সাহেদ আলম লেখেন, দেশের শীর্ষস্থানীয় এক ইউটিউব ইনফ্লুয়েন্সারের (সালমান মুক্তাদির) স্টুডিও ছিল ওই বিতর্কিত প্রপার্টিতে। ধারণা করা হচ্ছে, অবৈধ সম্পত্তির বৈধতা ধরে রাখতে এবং প্রশাসনিক চাপ এড়াতে প্রভাবশালী ওই ইউটিউবারকে সেখানে বিনামূল্যে জায়গা দেওয়া হয়েছিল। তবে অনাকাঙ্ক্ষিত হামলার পর ওই ইউটিউবার সামাজিক যোগাযোগমাধ্যমে হাসতে হাসতে লাইভে এসে দাবি করেন যে, চাঁদা না পেয়ে বিএনপি এই ভাঙচুর চালিয়েছে। একই সঙ্গে তিনি দেশকে কটাক্ষ করে মানুষকে দেশে কিছু না করারও পরামর্শ দেন।

এ প্রসঙ্গে সাহেদ আলম স্পষ্ট ভাষায় বলেন, "আমি তার (সালমান মুক্তাদির) অভিমানকে ছোট করছি না। তবে তিনি যে অপূরণীয় রাজনৈতিক ড্যামেজ করেছেন সরকারি দলকে, সে জন্য তার আইনানুগ শাস্তি দেওয়ার পক্ষে আমি।" তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, হামলায় প্রকৃতপক্ষে বিএনপির কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখে প্রকৃত সন্ত্রাসীদের নাম ও চেহারা জনসমক্ষে এনে কঠোর শাস্তি দিতে হবে। কিন্তু একই সঙ্গে অবৈধ সম্পত্তি দখলে পরোক্ষ সহযোগিতা করা এবং একটি বড় রাজনৈতিক দলকে নির্বিচারে ‘চাঁদাবাজ’ তকমা দিয়ে ভাবমূর্তি নষ্ট করার অপরাধে ওই ইউটিউবারের বিরুদ্ধে অন্তত ১০০ বিলিয়ন ডলারের মানহানির মামলা করা উচিত।

সাহেদ আলম আরও যোগ করেন, ১০০ বিলিয়ন ডলার না পাওয়া গেলেও সালমান মুক্তাদির ও তার শ্বশুরের সম্পত্তি থেকে যেটুকু ক্ষতিপূরণ আদায় করা সম্ভব হবে, তা দিয়েই বিএনপির ক্ষতিগ্রস্ত রাজনৈতিক ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করা দরকার। যাতে প্রমাণ করা যায় বিএনপি কোনো চাঁদাবাজের দল নয়।

রাজনৈতিক বয়ান ও পারসেপশনের গুরুত্ব তুলে ধরে এই সাংবাদিক লেখেন, সাধারণত তিনি এসব বিষয়ে লেখা এড়িয়ে চলেন। কিন্তু অতীতের নির্বাচনী প্রচারণায় তৈরি হওয়া ‘চাঁদাবাজের ন্যারেটিভ’-এর ক্ষত এখনো অত্যন্ত টাটকা। নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে প্রতিপক্ষের পক্ষ থেকে পরিকল্পিতভাবে যখন ‘চাঁদাবাজের দল’ ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, তখন সেই বয়ানযুদ্ধ মোকাবিলায় তারা প্রতিপক্ষকে ‘মববাজের দল’ হিসেবে তুলে ধরে জনমত গড়ে তুলেছিলেন। সাধারণ মানুষ সেই তুলনামূলক চুলচেরা বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বর্তমানে নিউমিডিয়ার অপপ্রচার বা বয়ানযুদ্ধের গুরুত্ব যারা অনুধাবন করতে পারছেন না, তাদের সতর্ক করতেই তিনি এই বিষয়ে মুখ খুলেছেন বলে জানান।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।