শাকিব-বুবলীকে অভিনন্দন জানিয়ে মিষ্টি জান্নাতের রহস্যময় বার্তা; ‘আরেকজন’ কে?

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর ঘর আলো করে এসেছে নতুন এক অতিথি। পুত্র শেহজাদ খান বীরের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন এই আলোচিত জুটি। গত শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই সুখবরটি ভক্তদের জানান বুবলী। এই সংবাদের পর থেকেই বিনোদন জগতের সহকর্মী এবং ভক্তরা তাঁদের শুভেচ্ছায় ভাসাচ্ছেন। এই নবজাতকের আগমনে শাকিব খান এখন তিন সন্তানের জনকের মর্যাদা পেলেন।

তবে এই খুশির আবহের মধ্যেই ভিন্ন এক আলোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী ও চিকিৎসক মিষ্টি জান্নাত। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শাকিব ও বুবলীকে ট্যাগ করে একটি পোস্ট দেন তিনি। সেখানে মিষ্টি জান্নাত লিখেন, ‘কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন।’ তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাঁর পরবর্তী বাক্যটি। সেখানে তিনি লিখেছেন, ‘এ বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।’

মিষ্টি জান্নাতের এই ছোট্ট একটি বাক্য মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে—এই ‘আরেকজন’ আসলে কে? শাকিব খান কি তবে অদূর ভবিষ্যতে আবারও কোনো বড় খবর দিতে যাচ্ছেন? মিষ্টির এই পোস্টে শাকিব ভক্তদের মধ্যে কৌতূহল এখন তুঙ্গে। অনেকেই মনে করছেন, শাকিব খান হয়তো আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কিংবা অন্য কোনো সম্পর্কের নতুন কোনো মোড় আসতে পারে।

উল্লেখ্য, এর আগে যখন অপু বিশ্বাস ও বুবলীর সঙ্গে শাকিব খানের দূরত্বের খবর প্রকাশ্যে এসেছিল, তখন গুঞ্জন উঠেছিল যে শাকিবের পরিবার তাঁর জন্য নতুন পাত্রী খুঁজছে। সেই সময় পাত্রী হিসেবে মিষ্টি জান্নাতের নামটিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। সেই পুরনো প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে অনেক নেটিজেনই মিষ্টির পোস্টের নিচে রসিকতা করতে ছাড়েননি। জনৈক এক ব্যবহারকারী লিখেছেন, ‘নাম যখন বলেন নাই, সেটা আমরা আপনাকে ধরে নিয়েছি।’ জবাবে মিষ্টি জান্নাতও রহস্য বজায় রেখে লিখেছেন, ‘দিলাম একজনের জন্য, আর নাম এলো আমার। বুঝলাম না, ভালোই।’

শাকিব-বুবলী জুটির নতুন অতিথির আগমন যেখানে একটি অধ্যায়ের উদযাপন, সেখানে মিষ্টি জান্নাতের এমন বার্তা কি নিছক রসিকতা না কি পর্দার আড়ালে থাকা কোনো বড় সত্যের ইঙ্গিত—তা সময় বলে দেবে। তবে ঢালিউডের এই ‘কিং খান’কে ঘিরে যে জল্পনার অবসান সহসা হচ্ছে না, তা বলাই বাহুল্য।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।