‘লস অ্যাঞ্জেলেস-সান দিয়েগো ধ্বংস হোক’: ট্রাম্পের মন্তব্যে বিতর্ক

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগোর মতো বড় শহর ধ্বংস হলেও সেটিকে যুদ্ধের ‘ছোট মূল্য’ হিসেবে বিবেচনা করা যায় এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ বক্তব্যের পর ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেতাদের পাশাপাশি কয়েকজন রিপাবলিকান নেতার কাছ থেকেও সমালোচনা এসেছে।

সোমবার (৫ অক্টোবর) নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ইরান যুদ্ধের কারণে জ্বালানি, সারসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ার প্রসঙ্গ তোলেন ট্রাম্প। দেশ ও বিশ্বকে নিরাপদ রাখার জন্য এ ধরনের অর্থনৈতিক চাপকে সামান্য মূল্য হিসেবে উল্লেখ করেন তিনি।

সমাবেশে ট্রাম্প বলেন, ইরান একটি মার্কিন শহর ‘ধ্বংস করে দিতে পারে’ এবং লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগোর মতো শহর ক্ষতিগ্রস্ত হলেও তা যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখার তুলনায় ‘খুবই সামান্য মূল্য’। একই সঙ্গে তিনি বলেন, চলমান ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে।

ট্রাম্পের বক্তব্যের সমালোচনার পর মঙ্গলবার হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেং সামাজিক যোগাযোগমাধ্যমে এর ব্যাখ্যা দেন। তিনি বলেন, গণমাধ্যমে এ নিয়ে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁর দাবি, ট্রাম্প বোঝাতে চেয়েছেন ইরানের পারমাণবিক সক্ষমতা ঠেকানো না হলে যুক্তরাষ্ট্রের শহরগুলো হুমকির মুখে পড়তে পারত।

তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ট্রাম্পের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, প্রেসিডেন্টের বক্তব্য ক্যালিফোর্নিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করছে।

সান দিয়োগোর কাছাকাছি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে রিপাবলিকান প্রার্থী জিম ডেসমন্ডও ট্রাম্পের বক্তব্য থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। তিনি বলেন, কোনো মার্কিন শহরই ‘অপচয়যোগ্য’ নয় এবং কোনো মার্কিন পরিবারকে যুদ্ধের ‘বলির পাঁঠা’ হিসেবে বিবেচনা করা উচিত নয়।

রিপাবলিকানদের সঙ্গে ককাস করা স্বতন্ত্র প্রতিনিধি কেভিন কিলিও ট্রাম্পের মন্তব্যকে ‘সহায়ক নয়’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস বলেছেন, এ ধরনের মন্তব্য শহরটির নিরাপত্তাকে সম্ভাব্য ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

সান দিয়েগোতে যুক্তরাষ্ট্রের বড় নৌঘাঁটিসহ ১ লাখ ১৫ হাজারের বেশি সক্রিয় সামরিক সদস্য রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডেমোক্র্যাট প্রতিনিধি সারা জ্যাকবস বলেন, তাঁর এলাকার সক্রিয় সেনাসদস্য, সাবেক সেনাসদস্য ও তাঁদের পরিবারকে যুদ্ধের ক্ষয়ক্ষতির ‘বলির পাঁঠা’ হিসেবে দেখা উচিত নয়।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।