রিয়াদের আকাশে হুথিদের ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশে হুথিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়ার পর আরও বিস্তারিত জানানো হবে।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) ইয়েমেনে সক্রিয় সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, ইয়েমেনি গোষ্ঠীর সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দক্ষিণ সৌদি আরবকে লক্ষ্য করে ছোড়া একটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রিয়াদ অঞ্চলে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

পৃথক বিবৃতিতে জোট জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশের দক্ষিণাঞ্চলের দিকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। পাশাপাশি রিয়াদ অঞ্চলে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার কথাও জানানো হয়। তবে ড্রোনটির উৎপত্তিস্থল সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেনি জোটটি।

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা বৃদ্ধির খবরের মধ্যেই এসব ঘোষণা সামনে আসে।

শুক্রবার সকালে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিনকি পশ্চিম সৌদি আরবের দিকে নিক্ষেপ করা হুথিদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার কথা জানান।

এর আগে বৃহস্পতিবার জোটটি জানিয়েছিল, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী রিয়াদের দিকে হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের তেল স্থাপনা, বিমানবন্দর এবং সামরিক ঘাঁটিতে একের পর এক হামলার দায় স্বীকার করেছে হুথিরা।

উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণ করছে হুথিরা। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহায়তা করতে ২০১৫ সালের মার্চে ইয়েমেন যুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।