গ্ল্যামার আর কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকে বড় পর্দার তারকাদের শুটিং সেট। কিন্তু সেই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ভেদ করে খোদ এক অভিনেত্রীর শুটিং সেট থেকেই বড় অংকের নগদ অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। ভারতের দক্ষিণী ও বলিউড সিনেমার পরিচিত মুখ রাশি খান্নার নতুন সিনেমার শুটিং চলাকালে ভ্যানিটি ভ্যান এলাকা থেকে প্রায় ৫০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৬ হাজার টাকার বেশি) চুরির অভিযোগ উঠেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুরো ইউনিটে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ঘটনার দিন সকাল থেকেই রাশি খান্না তাঁর নতুন প্রজেক্টের কাজে অত্যন্ত ব্যস্ত ছিলেন। লাইট-ক্যামেরা আর অ্যাকশনের সেই কর্মব্যস্ত পরিবেশের মধ্যেই চোর হানা দেয় শিল্পীদের বিশ্রামের জন্য নির্ধারিত ‘ভ্যানিটি ভ্যান’ এলাকায়। সাধারণত এসব স্থানে সাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত থাকলেও অভিযোগ উঠেছে, ভ্যানিটি ভ্যানের দায়িত্বে থাকা কর্মীদের মধ্যেই একজন এই চুরির হীন প্রচেষ্টার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।
জানা গেছে, একটি ব্যাগ থেকে কৌশলে ৫০ হাজার রুপি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত ব্যক্তি। তবে তার ভাগ্য সহায় হয়নি; সেটে থাকা দুই সদস্য বিষয়টি লক্ষ্য করেন এবং অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। চুরির খবরটি জানাজানি হতেই সেটে হুলুস্থুল পড়ে যায়। উপস্থিত নিরাপত্তারক্ষী ও ক্রু সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন এবং পরিস্থিতি একপর্যায়ে মারধরের দিকে গড়ায়। অভিযুক্ত ব্যক্তিকে চরম শিক্ষা দিয়ে পরে শুটিং সেট থেকে বের করে দেওয়া হয়।
প্রাথমিকভাবে ইউনিটে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, চুরি হওয়া অর্থের মালিক খোদ রাশি খান্না। তবে পরবর্তীতে এই বিভ্রান্তি দূর করে অভিনেত্রীর নিজস্ব পিআর (PR) টিম। তারা জানায়, চুরি হওয়া অর্থ রাশি খান্নার নয়, বরং তাঁর ব্যক্তিগত ম্যানেজারের ছিল। ঘটনার পর রাশি খান্না নিরাপদে থাকলেও পুরো ইউনিটের পেশাদার পরিবেশ কিছুটা বিঘ্নিত হয়েছে।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, ভারতের এই মেগা ইন্ডাস্ট্রিগুলোতে যেখানে নিরাপত্তার জন্য মোটা অংকের ‘বাজেট’ রাখা হয়, সেখানে ভেতরের কর্মীদের মাধ্যমেই এমন ঘটনা ঘটা চরম নিরাপত্তা ঘাটতির বহিঃপ্রকাশ। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর শুটিং সেটগুলোতে বহিরাগত ও অস্থায়ী কর্মীদের ব্যাকগ্রাউন্ড চেক এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।