রমজানে বদলে যাচ্ছে মেট্রোর সময়সূচি: ইফতার ও খাবার নিয়ে যাত্রীদের জন্য কড়া বিধিনিষেধ

রমজানে বদলে যাচ্ছে মেট্রোর সময়সূচি: ইফতার ও খাবার নিয়ে যাত্রীদের জন্য কড়া বিধিনিষেধ

পবিত্র রমজান মাসে রোজাদার যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে ট্রেনের ভেতরে এবং স্টেশন চত্বরে ইফতার বা অন্য কোনো খাবার গ্রহণের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ জারি করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।


গত ১৬ ফেব্রুয়ারি ডিএমটিসিএল-এর পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিশেষ নির্দেশনায় জানানো হয়েছে, রমজানে মেট্রোরেলের ভেতরে কোনো ধরনের ইফতারসামগ্রী বহন বা গ্রহণ করা যাবে না। যাত্রীদের সুবিধার্থে কেবল ২৫০ মিলিলিটার (মিলি) ওজনের একটি পানির বোতল সাথে রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে শর্ত থাকে যে, পানি পান করার সময় সতর্ক থাকতে হবে যেন পানি ট্রেনের মেঝেতে না পড়ে এবং খালি বোতলটি কোনোভাবেই প্ল্যাটফর্ম, কনকোর্স বা ট্রেন বগির ভেতরে ফেলে রাখা যাবে না। ব্যবহৃত বোতলটি অবশ্যই স্টেশনের নির্ধারিত ডাস্টবিনে জমা দিতে হবে। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোর পরিচ্ছন্নতা বজায় রাখতেই এই কঠোর নিয়ম বলবৎ করা হয়েছে।


আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হওয়া এই নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমুখে দিনের প্রথম ট্রেনটি ছেড়ে যাবে সকাল সাড়ে ৬টায় এবং সর্বশেষ ট্রেনটি ছাড়বে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরের উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু হবে সকাল সোয়া ৭টায় এবং দিনের শেষ ট্রেনটি নির্ধারিত গন্তব্যে রওনা দেবে রাত ১০টা ১০ মিনিটে। এই বিশেষ সময়সূচি ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সমস্ত কর্মদিবসে কার্যকর থাকবে।


যাত্রীদের ভিড় সামলাতে ট্রেনের আসা-যাওয়ার ব্যবধান বা ‘হেডওয়ে’ সময়েও বৈচিত্র্য আনা হয়েছে। উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেনের ক্ষেত্রে সকাল ৮টা ১১ মিনিট থেকে ৯টা ৫৩ মিনিট পর্যন্ত ট্রেনের বিরতি হবে মাত্র সাড়ে ৫ থেকে ৬ মিনিট। আবার বিকালের ব্যস্ত সময়ে অর্থাৎ দুপুর ২টা ৫৭ মিনিট থেকে ৫টা ৪১ মিনিট পর্যন্তও ট্রেনগুলো সাড়ে ৫ থেকে ৬ মিনিট অন্তর চলাচল করবে। তবে রাত ৯টার পর ট্রেনের বিরতি সময় বেড়ে ১৫ মিনিট হবে।


অনুরূপভাবে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী ট্রেনের ক্ষেত্রে সকাল ৮টা ৪৯ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এবং দুপুর ৩টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত সবচেয়ে ঘনঘন ট্রেন চলবে। রাত ৯টা ৪১ মিনিটের পর থেকে শেষ ট্রিপ পর্যন্ত বিরতি সময় থাকবে ১৫ মিনিট।


অফিস আদেশে আরও স্পষ্ট করা হয়েছে যে, শনিবার, শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে ট্রেনের সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে। রমজানের পবিত্রতা রক্ষা এবং যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে ডিএমটিসিএল এই ‘গাইডলাইন’ যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে।


ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।