মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

মাঠের সংঘর্ষে প্রতিপক্ষ দলের ফরোয়ার্ড হেসুস দে মিগেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ইকুয়েটোরিয়াল গিনির গোলকিপার হেসুস ওউয়োনো। গভীর শোক ও মানসিক আঘাত সামলে উঠতে আপাতত জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ২৫ বছর বয়সি এই গোলরক্ষক। ফলে চলতি মাসে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে দলের হয়ে খেলবেন না তিনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইকুয়েটোরিয়াল গিনি ফুটবল ফেডারেশন।

সোমবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ম্যাচে আন্দোরা ও তেনেরিফের মুখোমুখি লড়াইয়ে ঘটে মর্মান্তিক ঘটনাটি। ম্যাচ চলাকালে বল দখলের চেষ্টায় আন্দোরার গোলরক্ষক ওউয়োনোর সঙ্গে সংঘর্ষ হয় তেনেরিফের ফরোয়ার্ড দে মিগেলের। এতে গুরুতর আহত হন মিগেল। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান এই ফুটবলার।

ইকুয়েটোরিয়াল গিনির ফুটবলে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন ওউয়োনো। কৈশোর থেকেই জাতীয় দলের গোলপোস্ট সামলানো এই গোলরক্ষক গত তিনটি আফ্রিকা কাপ অব নেশন্সেও ছিলেন দলের প্রথম পছন্দ। ২০২৭ সালের আসরের বাছাইপর্বের প্রথম দুই ম্যাচেও খেলেছিলেন তিনি।

তবে মিগেলের মৃত্যুর পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ওউয়োনো। আপাতত ফুটবল থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেওয়ায় আগামী ১২ নভেম্বর নিজেদের মাঠে এবং ১৬ নভেম্বর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে তাঁকে পাচ্ছে না ইকুয়েটোরিয়াল গিনি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের মানসিক অবস্থার কথা তুলে ধরেন ওউয়োনো। তিনি জানান, জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ঘটে যাওয়া ঘটনাটি মেনে নেওয়া তাঁর জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

বার্তায় ওউয়োনো লেখেন, এই মুহূর্তে নিজের অনুভূতি কীভাবে প্রকাশ করবেন, তা খুঁজে পাচ্ছেন না তিনি। ঘটনাটি নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হলেও যথাযথ সম্মান বজায় রেখে সেগুলোর জবাব দেবেন। তবে এখন তাঁর সব চিন্তাজুড়ে রয়েছেন মিগেল এবং তাঁকে হারানোর অসহনীয় বেদনা। বার্তার শেষে প্রয়াত ফুটবলারের আত্মার শান্তি কামনা করেন তিনি।

এদিকে মিগেলের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও হয়রানির মুখে পড়তে হয়েছে ওউয়োনোকে। তাঁর পোস্টে অনেকে আক্রমণাত্মক মন্তব্য করার পাশাপাশি তাঁকে ‘খুনি’ বলেও আখ্যা দেন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেন এই গোলরক্ষক।

এ কঠিন সময়ে ওউয়োনোর পাশে দাঁড়িয়েছে ইকুয়েটোরিয়াল গিনি ফুটবল ফেডারেশন। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি তাঁর প্রতি পূর্ণ সমর্থন ও সহমর্মিতা প্রকাশ করে। একই সঙ্গে জানায়, তরুণ এই গোলরক্ষক বর্তমানে গভীর শোক ও তীব্র মানসিক আঘাতের মধ্য দিয়ে যাচ্ছেন।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।