মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তাঁর সহযোগীদের অংশ নেওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তদন্তে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটি তদন্তের দায়িত্ব ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনারকে দেওয়া হয়েছে।
গত শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ গুমটিঘর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। ইশরাক হোসেনের ফেসবুক পেজে অভিযানের ভিডিও প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর প্রতিমন্ত্রীর হাতে আগ্নেয়াস্ত্র থাকা এবং তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের আচরণ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। আরেকটি ভিডিওতে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করতে দেখা যায়।
ভিডিওতে অস্ত্র হাতে ইশরাক
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে গাড়ি থেকে নেমে ইশরাক হোসেন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চিৎকার করে কয়েকজনকে ধরতে বলেন। এ সময় তাঁর পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, ‘একেবারে গুলি করে দেব।’ প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা দেহরক্ষীরাও কয়েকজনকে ধরতে এগিয়ে যান। তাঁদের মধ্যে একজনকে এক তরুণকে লাথি মারতে দেখা যায়।
ভিডিওর কিছু অংশে প্রতিমন্ত্রীর হাতে থাকা পিস্তলটি অস্পষ্ট করে দেওয়া হলেও অন্য কিছু অংশে সেটি স্পষ্ট দেখা যায়। এ ছাড়া তাঁর সঙ্গে থাকা আরও দুই ব্যক্তির হাতেও আগ্নেয়াস্ত্র দেখা গেছে।
প্রতিমন্ত্রীর ফেসবুক পেজে ভিডিওটির শিরোনাম দেওয়া হয়, ‘ইশরাকের অ্যাকশন: মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ’। সেখানে ঘটনার তারিখ ১৭ অক্টোবর ২০২৬ এবং স্থান হিসেবে গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকার কথা উল্লেখ করা হয়।
ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, ‘স্যার আমি কিছু করিনি। আমি গরিব মানুষ স্যার।’ জবাবে ইশরাক বলেন, ‘পুলিশ আসবে তারপর কথা হবে।’ পরে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের দৃশ্যও আরেকটি ভিডিওতে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযানের দাবি
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল শিকদার। গণমাধ্যমকে তিনি বলেন, শনিবার বেলা তিনটা থেকে সাড়ে তিনটার দিকে তাঁরা সেখানে যান। স্থানীয় বাসিন্দাদের বারবার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী সেখানে গিয়েছিলেন। পুলিশকেও বিষয়টি জানানো হয়েছিল, তবে পুলিশ পৌঁছাতে দেরি করে বলে দাবি করেন তিনি।
ইশরাকের সঙ্গে তাঁর দুই ব্যক্তিগত দেহরক্ষী তোফাজ্জল হোসেন ও লাভলু এবং একজন সরকারি দেহরক্ষী ছিলেন বলে জানা গেছে। ব্যক্তিগত দেহরক্ষীদের কাছেও অস্ত্র ছিল। ভিডিওতে সরকারি দেহরক্ষীকে অস্ত্র তাক করতে দেখা যায়। একপর্যায়ে একজন দেহরক্ষী এক তরুণকে লাথি মারেন। লাথি মারা ব্যক্তির পরিচয় জানতে চাইলে পাভেল শিকদার বলেন, তিনি প্রতিমন্ত্রীর সরকারি দেহরক্ষী।
অস্ত্রের বৈধতা ও ব্যবহার নিয়ে প্রশ্ন
অভিযানের ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রতিমন্ত্রীর হাতে থাকা অস্ত্রের বৈধতা এবং দায়িত্বশীল পদে থেকে এভাবে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অভিযান পরিচালনার আইনগত দিক নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা নিয়েও আলোচনা হচ্ছে।
শনিবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেন দাবি করেন, তাঁর হাতে থাকা অস্ত্রটি বৈধ। নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া হলফনামায় আগ্নেয়াস্ত্র থাকার তথ্য উল্লেখ না করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ২০২৫ সালের ১২ ডিসেম্বর শরিফ ওসমান হাদীকে গুলি করার ঘটনার পর তিনি অস্ত্রটি সংগ্রহ করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, অস্ত্রটি নেওয়ার সময় হলফনামায় তা উল্লেখ করার সুযোগ ছিল না।
বৈধ অস্ত্র ব্যবহারে কী বলে নীতিমালা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ সালের নীতিমালার ২৫ অনুচ্ছেদে বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও ব্যবহারের শর্ত উল্লেখ রয়েছে। অনুচ্ছেদের ‘ক’ উপ-অনুচ্ছেদ অনুযায়ী, বৈধ অস্ত্র আত্মরক্ষার জন্য বহন বা ব্যবহার করা যাবে। তবে অন্যের মধ্যে ভীতি সৃষ্টি করে বা বিরক্তির উদ্রেক করে এমনভাবে অস্ত্র প্রদর্শনের অনুমতি নেই।
এ অবস্থায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করে দেখবে ডিএমপি। তদন্তে কোনো আইনি ব্যত্যয় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান শফিকুল ইসলাম।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।