মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

মাথাপিছু জিডিপির হিসাবে চলতি বছর ভারতের চেয়ে এগিয়ে যাওয়ার পথে বাংলাদেশ। পূর্বাভাস অনুযায়ী, এ বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ ডলারে। অন্যদিকে ভারতের ক্ষেত্রে এই পরিমাণ হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার। তবে মাথাপিছু আয়ের এই ব্যবধানের অর্থ এই নয় যে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান ভারতের চেয়ে ভালো।

সামগ্রিক অর্থনীতির আকারে ভারত বাংলাদেশের তুলনায় প্রায় আট গুণ বড়। তবে জনসংখ্যার অনুপাতে মাথাপিছু জিডিপির হিসাব করলে বাংলাদেশের অবস্থান ভিন্ন। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর গত দুই দশকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি আন্তর্জাতিক পর্যায়ে মনোযোগ আকর্ষণ করেছে।

দেশের প্রায় ৩৮ বিলিয়ন ডলারের তৈরি পোশাকশিল্প, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং কর্মক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ এই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে অর্থনৈতিক সাফল্যের পাশাপাশি সামনে এসেছে প্রবৃদ্ধির গতি, মূল্যস্ফীতি ও মানুষের ক্রয়ক্ষমতা নিয়ে নানা চ্যালেঞ্জ।

পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে। বিপরীতে বাংলাদেশের প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ৬ শতাংশে। অর্থাৎ মাথাপিছু জিডিপিতে এগিয়ে থাকার সম্ভাবনা থাকলেও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিতে বাংলাদেশ পিছিয়ে থাকতে পারে।

জীবনযাত্রার ব্যয় ও মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতার হিসাবেও দুই দেশের মধ্যে পার্থক্য রয়েছে। স্থানীয় বাজারে পণ্য ও সেবার দাম বিবেচনায় ভারতের মানুষের ক্রয়ক্ষমতা বাংলাদেশের তুলনায় বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশে প্রায় ৮ দশমিক ৭ শতাংশ মূল্যস্ফীতি সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় সামলানো কঠিন করে তুলেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক বছরে দুই দেশের মাথাপিছু আয়ের অবস্থানে পরিবর্তন আসতে পারে। ২০২৯ সালের দিকে ভারত আবার মাথাপিছু আয়ে বাংলাদেশকে ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুই দেশের অর্থনৈতিক কাঠামোতেও রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প। গত এক দশকে উৎপাদন খাতের অবদান বাড়লেও ভারতের অর্থনীতি তুলনামূলকভাবে বেশি বৈচিত্র্যময়। প্রযুক্তি, বৃহৎ সেবা খাত ও বিশাল অভ্যন্তরীণ বাজার ভারতের অর্থনীতিকে বাড়তি শক্তি জোগাচ্ছে।

এদিকে বৈশ্বিক পরিস্থিতিও দুই দেশের অর্থনীতির জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালি ও লোহিত সাগরের বাণিজ্যপথে বিঘ্ন ঘটলে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি এবং আন্তর্জাতিক পণ্য পরিবহন ব্যাহত হতে পারে। বাংলাদেশের জ্বালানি চাহিদার বড় অংশ আমদানিনির্ভর। পাশাপাশি তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রেও আন্তর্জাতিক পরিবহনব্যবস্থা গুরুত্বপূর্ণ। ফলে পরিবহন ব্যয় বাড়লে দেশের অর্থনীতিতে অতিরিক্ত চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞদের কাছে মাথাপিছু জিডিপি অর্থনৈতিক অবস্থার একটি গুরুত্বপূর্ণ সূচক হলেও এটি দিয়ে সাধারণ মানুষের প্রকৃত জীবনযাত্রার মান পুরোপুরি বোঝা যায় না। কারণ, গড় আয়ের হিসাব সমাজের আয়বৈষম্য কিংবা ধনী-দরিদ্রের ব্যবধান স্পষ্ট করে না।

বাংলাদেশ ও ভারত উভয় দেশেই গত এক দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। তবে সেই প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে সমানভাবে পৌঁছেছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই মাথাপিছু আয়ের পরিসংখ্যানের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আয়বৈষম্য কমানোও গুরুত্বপূর্ণ।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।