রাশিয়ার সঙ্গে বিদ্যমান বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার আগ্রহের কথা জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় তিনি দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে পিয়ংইয়ংয়ের দৃঢ় অবস্থান তুলে ধরেছেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল আরাবিয়া জানিয়েছে, দেশটির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুতিনের পাঠানো অভিনন্দন বার্তার জবাবে কিম এই বার্তা দেন।
চিঠিতে কিম জং উন বলেন, দুই দেশের বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও সামনে এগিয়ে নেওয়ার বিষয়ে উত্তর কোরিয়ার দৃঢ় ইচ্ছা রয়েছে। একই সঙ্গে দেশের নিরাপত্তা রক্ষা এবং আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে রাশিয়া জয়ী হবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।
কিমের এই বক্তব্যকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের প্রতি উত্তর কোরিয়ার সমর্থনেরই বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে পুতিন ও রুশ জনগণের প্রতি নিজের পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা।
সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে রাজনৈতিক ও সামরিক ঘনিষ্ঠতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ধারাবাহিকতায় ২০২৪ সালে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার হয়। একই সময়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সহায়তার জন্য উত্তর কোরিয়া রাশিয়ায় সেনা পাঠায়।
দুই দেশের এই ঘনিষ্ঠ সম্পর্ক আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা দুই দেশের পারস্পরিক সম্পর্কের নতুন মাত্রা তুলে ধরেছে।
এদিকে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৯ সেপ্টেম্বর পুতিনের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও কিম জং উনকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তার জবাবেও কিম দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব বজায় রেখে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ফলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি চীনের সঙ্গেও ঐতিহাসিক বন্ধুত্ব ধরে রাখার বার্তা দিচ্ছেন কিম জং উন। এতে উত্তর কোরিয়ার কূটনৈতিক অবস্থানে মস্কো ও বেইজিংয়ের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।