মধ্যবর্তী নির্বাচনে হার, ট্রাম্পকে খোঁচা দিয়ে ইরানের স্পিকারের পোস্ট

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। বুধবার (৪ নভেম্বর) এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন, মার্কিন ভোটাররা যুদ্ধে ‘না’ বলে দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষ প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। এই ফল প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর রিপাবলিকান দলের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনে ভোটারদের অসন্তোষের পেছনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শুল্কনীতি এবং ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের প্রভাব ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে, যা আগে থেকেই মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপ নিয়ে উদ্বিগ্ন ভোটারদের অসন্তোষ আরও বাড়িয়েছে।

গালিবাফ এক্সে লিখেছেন, ‘বিবেক হোক বা জীবনযাত্রার ব্যয়-আমেরিকানরা যুদ্ধে না বলেছে, আমরাও এই বার্তাকে সমর্থন করি।’

তিনি আরও বলেন, ‘মার্কিন সরকার যদি আন্তর্জাতিক পৃষ্ঠপোষক ও ব্ল্যাকমেইলারদের স্বার্থে নিজেদের জনগণের ইচ্ছার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে তারা বুঝতে পারবে, আমাদের “না” শব্দটি একটি দুঃস্বপ্ন সঙ্গে করে নিয়ে আসে।’

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। কয়েক মাস ধরে চলা সংঘাত এখন অনেকটা অচলাবস্থায় রয়েছে। তবে মাঝেমধ্যে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে। একই সঙ্গে পূর্ণমাত্রায় সংঘাত আবার শুরু হওয়ার আশঙ্কাও রয়েছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।